আন্তর্জাতিক

মুসলিম ‘ভণ্ড বাবা’দের তালিকা প্রকাশ করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড

নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হিন্দু সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদের দেখানো পথেই হাঁটতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। প্রকাশ করতে চলেছে মুসলিম ভণ্ড ধর্মগুরুদের নামের তালিকা।

কিছু অসাধু ব্যক্তির জন্য বদনাম হচ্ছে প্রকৃত ধর্মপ্রাণ ব্যক্তিদের। যার জেরে অতি সাধারণ ধর্মপ্রাণ ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এই অবস্থা থেকে মুক্তি পেতেই মুসলিম ভেকধারী ধর্মগুরুদের তালিকা প্রকাশ করতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। শনিবার সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ডের কার্যনির্বাহী সদস্য মৌলানা খালিদ রশিদ ফারানঙ্গি মাহালি। তাঁর কথায়, ‘‘কিছু অসাধু মানুষের জন্য সৎ ধর্ম গুরুরা বদনাম হচ্ছেন। যাতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এমন অভিযোগ না ওঠে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’’

চলতি মাসের দশ তারিখে হিন্দু ভণ্ড ধর্মগুরুদের নামের তালিকা প্রকাশ করে হিন্দু সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ। বাবা রাম রহিম সহ ১৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। সেই নাম গুলি হল আসারাম বাপু, নারায়ণ সাই (আসারাম বাপুর ছেলে), রামপাল, সুখবিন্দর কৌর ওরফে রাধে মা, সচদারঙ্গি, গুরমিত রাম রহিম সিংহ, ওম বাবা ওরফে বিবেকানন্দ, নির্মল বাবা, ইচ্ছাধারী বিশ্বনন্দ, স্বামী অসীমানন্দ, ওম নমহ শিবায়।

হিন্দু সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন মৌলানা খালিদ রশিদ ফারানঙ্গি মাহালি। তাঁর মতে, “সাধারণ মানুষ যাতে কোনও ধর্মগুরুর কাছে গিয়েই প্রতারিত না হয় তা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। এতে ধর্ম এবং ধর্মগুরুদের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যায়।”