সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী দুই মাস কোনো ম্যাচ আয়োজন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর ফলে আগামী ২০ সেপ্টেম্বর শুরু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের খেলা এই দুই মাঠে হচ্ছে না। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলের জন্য নারায়ানগঞ্জের ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠ প্রস্তুত করা হচ্ছে। সোমবার এসব তথ্য জানান বিসিবির গ্রাউন্স কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া।

টু্র্নামেন্ট কমিটি ও গ্র্যাউন্ডস কমিটির মিটিং শেষে হানিফ ভূঁইয়া বলেন, ‘ইংল্যান্ডের জন্য চট্টগ্রাম ও ঢাকার মাঠ রিজার্ভ রাখা আছে। আপাতত বিসিএল এখানে হবে না। সেক্ষেত্রে বিসিএলের জন্য ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠ প্রস্তুত রেখেছি। প্রস্তাব এসেছিল তৃতীয় মাঠ হিসেবে বগুড়াকে নেওয়ার জন্য। কিন্তু স্পনসরদের অনিচ্ছায় আমরা সেদিকে যাচ্ছি না।’
চতুর্থ আসরের মতো এবারের বিসিএলও হবে ডাবল লিগ পদ্ধতিতে। এই পদ্ধতিতে ফাইনাল থাকছে না। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে।
বরাবরের মতো এবারও স্পোর্টিং উইকেট পাওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন হানিফ ভুঁইয়া। তার ভাষ্য, ‘আমরা সব সময় চাই স্পোর্টিং উইকেটে খেলা হোক। আমরাও চাই একই উইকেট। আশা করছি এবারের বিসিএল স্পোর্টিং উইকেটেই হবে।
সূত্র: রাইজিংবিডি









