রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে পা ধুইয়ে বরণ করে নিয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা। এই আসনে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে তানোর উপজেলার পাচন্দ ইউনিয়নের পুন্দাইন (গুড়ইল) সাঁওতালপল্লীর নারীরা মাহিকে বরণ করে নেন।
ভিডিওটিতে দেখা গেছে, একটি চেয়ারে বসে আছেন মাহি। তার সামনে দুটি থালা রয়েছে। কাঁসার থালায় মাহির দুই পা রেখে অপর থালার পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন আদিবাসী এক নারী। মাহিকে এমনভাবে বরণের দৃশ্য দেখছেন চারপাশের মানুষ। এরপর মাহি সাঁওতালপল্লীর প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের থেকে ভোট চান।
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

তফসিল অনুযায়ী আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন চলবে প্রচার-প্রচারণা, যা শেষ হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
জেলার তানোর-গোদাগাড়ী উপজেলা মিলে রাজশাহী-১ আসন। আসনটিতে চারটি পৌরসভা ও ১৬ ইউনিয়ন পরিষদ রয়েছে। এই আসনে ভোটার ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। দুই উপজেলা মিলে ভোটকেন্দ্র ১৫৮টি। ভোটকেন্দ্রের কক্ষের সংখ্যা ৯৯৪টি। অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৫১টি। নতুন ভোটকেন্দ্রের সংখ্যা ১৩টি। এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৬৫৩ জন। নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫৬৪ জন। এই আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।










