সদ্য প্রকাশিত
খেলা

মাশরাফি বললেন, আবার মাঠে দেখা হবে

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
মাশরাফি বললেন, আবার মাঠে দেখা হবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এই প্রথম তিন ফরম্যাটে কোনো সিরিজ না হেরে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। তবে অনেক প্রাপ্তির এই সফরে থেকে গেল গভীর এক বেদনাবোধ। না বললেও চলে বেদনাবোধটা মাশরাফি বিন মুর্তজার অবসরকে ঘিরেই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগে সীমিত ওভারের ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশের ক্রিকেটভক্তরা মাশরাফির এই সিদ্ধান্ত মানতে পারেননি। মিছিল-মানববন্ধন করে প্রিয় অধিনায়ককে আবার টি-টোয়েন্টিতে ফেরার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

দেশে ফিরেই ভক্তদের আশ্বস্ত করলেন মাশরাফি। ভক্তদের মনে করিয়ে দিলেন, টি-টোয়েন্টি ছাড়লেও এখনো ওয়ানডে ক্রিকেটে দলের সঙ্গে আছেন তিনি। ম্যাশ বললেন, ‘এখনো তো ওয়ানডে খেলছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার মাঠে দেখা হবে।’

 

আজ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের কাছে মাশরাফি বলেন, ‘১০ বছর ধরে এই ফরম্যাটে খেলছি। অবশ্যই গর্ববোধ করছি। এখনো তো ওয়ানডে খেলছি ইনশাল্লাহ। বেঁচে থাকলে আবার মাঠে দেখা যাবে। মজা হবে ওইখানেই।’

 

বিদায়ী ম্যাচে মাশরাফিকে জয় উপহার দিয়েছেন সতীর্থরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও সমতা ফেরায় লাল-সবুজের দল।

 

আজ সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মাশরাফিসহ দলের বাকি সদস্যরা। এ সময় ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা।

সূত্র: এনটিভি