নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দায় র্যাবের অভিযানের সময় এক অস্ত্র ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। তার নাম জিয়াস আলী (৩০)। তিনি মান্দার কয়বর্তপাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে। শনিবার ভোর রাতে ওই যুবককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কম্পানী কমান্ডার মুরাদুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানিয়েছেন, ওই যুবককে শুক্রবার মিবাগত রাতে ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এর মধ্যে তিন রাউন্ড বন্দুকের গুলি এবং তিন রাউন্ড ছিল পিস্তলের গুলি। এরপর জিজ্ঞাসাবাদে জিয়াস আলী জানায়, তার হেফাজতে আরো তিনটি অস্ত্র আছে।

সেই অস্ত্র উদ্ধারে র্যাব জিয়াসকে নিয়ে অভিযানে নামলে সে বিভিন্ন স্থানে র্যাবকে নিয়ে ঘুরাই। একপর্যায়ে জিয়াস গাড়ীর মধ্যে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে বিষয়টি নিয়ে র্যাব জয়পুরহাট ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও র্যাবের ওই কর্মকর্তা জানান।
এদিকে জিয়াসের মৃত্যুর লাশ ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠনো হয়েছে। তার শরীরে কোনো গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে হাসপাতালের জরুরী বিভাগের একজন চিকিৎসক নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র আরো জানায়, শনিবার ভোর ৫টার দিকে ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, ওই যুবকের নাম মাজহারুল ইসলাম জিসাম। তবে হাসপাতালের খাতায় তার নাম লিখা রয়েছে জিয়াস আলী। ওই যুবক হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেও হাসপাতালের ওয়ার্ড মাস্টারের দপ্তর থেকে সিল্কসিটি নিউজকে জানানো হয়েছে।
স/আর










