নওগাঁ

মান্দায় ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার

Silk City১০ জুন ২০২৪১ মিনিট পড়া

মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ট্রাফিক ও পুলিশ নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট এলাকায় যৌথ চেকপোষ্ট বসিয়ে এ ফেন্সিডিল উদ্ধার করে।

তবে পুলিশের চেকপোষ্ট দেখে দুই মাদক কারবারিরা মোটরসাইকেল ও ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে দেলুয়াবাড়ির দিক থেকে একটি মোটরসাইকেলকে থামানোর জন্য সিগন্যাল দেন ট্রাফিক পুলিশ। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে দুই আরোহী দৌড়ে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সাইডবক্স ও সিটের নিচ থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।