
মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুর উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মারুফ হাসাকে (১৫) উত্ত্যক্তের (ইভটিজিং) অপবাদে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার খবর প্রকাশের পর শিক্ষা বিভাগে তোলপাড় শুরু হয়েছে।
টনক নড়েছে কর্তৃপক্ষের। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। গত ৪ জুন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অবশেষে ওই বিদ্যালয়ের সভাপতি হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আমিন।
জানতে চাইলে তিনি জানান, ১৮ জুন রোববার বেলা ১১ টায় প্রয়োজনীয় সাক্ষ্য প্রমানাদিসহ বিদ্যালয়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে। তদন্ত শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিবেদন প্রেরণ করবেন।

মোবাইলফোনে জানতে চাইলে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হাসান আলী স্কুলছাত্রকে লাঠি দিয়ে পিটানোর কথা স্বীকার করে দম্ভের সাথে বলেন, অপরাধির বিচার তিনি নিজের হাতেই করেছেন। কোন মেয়েকে ইভটিজিং করেছে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের সব মেয়েকেই সে ইভটিজিং করেছে। তার মধ্যে তার ভাতিজিও রয়েছে। আইনগত ব্যবস্থা না নিয়ে তিনি কেন নিজেই আইন হাতে তুলে নিলেন জানতে চাইলে তিনি ঠিকই করেছেন বলেও জানান।









