সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের শঙ্কা রাশিয়ার

Silk City১৮ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের শঙ্কা রাশিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবানন ও সিরিয়ায় পেজার বিস্ফোরণের ঘটনা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধকে উসকে দিতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করারও আহ্বান জানিয়েছে দেশটি। বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

মঙ্গলবার লেবাননজুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব পেজারে ইসরাইলি গোয়েন্দা সংস্থা বিস্ফোরক স্থাপন করেছিল বলে অভিযোগ করেছে লেবানন। এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। লেবাননে সংঘটিত নজিরবিহীন এ হামলার তীব্র নিন্দাও জানিয়েছে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

মারিয়া জাখারোভা বলেছেন, ‘আমরা লেবাননের ওপর এ ধরনের হামলাকে তার সার্বভৌমত্বের গুরুত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ হিসাবে দেখছি। এটি অপরাধীদের একটি উচ্চপ্রযুক্তির হামলা। যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ব্যাপক সশস্ত্র সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

এদিকে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, লেবাননে যা ঘটেছে সেটা যাই হোক না কেন তা অবশ্যই উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যাবে। অঞ্চলটি (মধ্যপ্রাচ্য) নিজেই বিস্ফোরক অবস্থায় রয়েছে এবং এই ধরনের একটি ঘটনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। আর সেটি হলে নিশ্চিতভাবেই তা প্রত্যেকের জন্য বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেছেন, আমরা বিশ্বাস করি, এ ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত। যা ঘটেছে তার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে যোগাযোগের এসব সরঞ্জামের ব্যাপক বিস্ফোরণের পেছনে যারা রয়েছে তাদের শনাক্ত করা উচিত। পেসকভ বলেছেন, এই ধরনের তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত বিশেষজ্ঞদের রাশিয়া বা অন্য কোথাও অনুরূপ কিছু ঘটার ঝুঁকি দূর করার সুযোগ তৈরি করবে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের বিরুদ্ধে হাইব্রিড ধাঁচের যুদ্ধের অংশ হিসাবে পেজার হামলা চালানো হয়েছে। যেখানে হাজার হাজার নিরীহ মানুষ আহত হয়েছেন।

 

সূত্র: যুগান্তর