সদ্য প্রকাশিত
রাজনীতি

ভোট চুরির ইতিহাস আওয়ামীলীগের নাই, এ ইতিহাস বিএনপির: এসএম কামাল

নিউজ ডেস্ক৪ জুলাই ২০১৮২ মিনিট পড়া
ভোট চুরির ইতিহাস আওয়ামীলীগের নাই, এ ইতিহাস বিএনপির: এসএম কামাল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল বলেছেন, ‘ভোট চুরির ইতিহাস আওয়ামী লীগের নাই, এ ইতিহাস বিএনপির’। বুধবার (৪জুলাই) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত মহানগর কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

খুলনা-গাজীপুর সিটি নির্বাচনে ভোট চুরির অভিযোগে একপ্রশ্নের জবাবে  এসএম কামাল সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ভোট চুরির ইতিহাস নাই, ভোট চুরির ইতিহাস বিএনপির। ভোট চুরিতে যদি কাউকে ডক্টরেট ডিগ্রী দেয়া হতো তাহলে বিএনপিই এ ডিগ্রী পেত। বিএনপি বরাবরই নির্বাচনে ভোট চুরি করে। সেজন্যই তারা আওয়ামী লীগের নামে ভোট চুরির অভিযোগ করে।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোনো দলের কথায় কান দিবেন না। যা বস্তুনিষ্ঠ ততটুকুই আপনারা লিখবেন। এক্ষেত্রে আওয়ামী লীগ কিংবা বিএনপি যে যা করেছে, তা যথাযথভাবে তুলে ধরবেন। কারণ, আমরা বিশ্বাস করি, কারো পক্ষে বা বিপক্ষে একটি শব্দ কতটুকু সুখকর বা ভয়ঙ্কর হয়।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক নিয়ে ভোটারদের মাঝে কোনো দ্বিধা তৈরী হবে কিনা প্রশ্নে কামাল বলেন, আগামী ৩০জুলাই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সকল ঐক্যবদ্ধ শক্তিসহ সাধারণ জনগণ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে ভোট দিয়ে খায়রুজ্জামান লিটনকে জয়ী করবে। এক্ষেত্রে প্রতীক নিয়ে কোনো ঝামেলা হবেনা। কারণ নৌকা হচ্ছে উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তির প্রতীক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লাইব উদ্দিন লাবলু প্রমুখ ।

স/শা