সিল্কসিটিনিউজ ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় মো. সামছুর রহমান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামছুর রহমান উপজেলার উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার রাতে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন সামছুর রহমান। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। পরে পেছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।










