জাতীয়

ভাঙ্গুড়ায় নকল দুধ প্রস্তুতকারকের বাড়ি সিলগালা

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ প্রস্তুতকারী আবুল বাশার (৪৫) নামে এক দুগ্ধ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও বাড়ি সিলগালা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি অভিযান পরিচালনা করে এই ব্যবস্থা নেন।

আবুল বাশার উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে।

এর আগেও আবুল বাশার দুইবার নকল দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি পান। অভিযানের সময় আবুল বাশারের বাড়িতে বিপুল পরিমাণে নকল দুধ তৈরির সরঞ্জামাদি ও নকল দুধ পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, আবুল বাশার প্রায় অর্ধ যুগ ধরে কস্টিক সোডা, গ্লুকোজ জেলি, সয়াবিন তেল ও চিনি দিয়ে নকল দুধ তৈরি করেন।

এই দুধ রাজধানীসহ দেশের বিভিন্ন দুগ্ধ কম্পানিকে সরবরাহ করা হয়। বাশার কৈইডাঙ্গা গ্রামে নিজের বাড়িতেই দীর্ঘদিন ধরে এই নকল দুধের কারখানা পরিচালনা করছেন। এতে গত বছর তার বাড়িতে উপজেলা প্রশাসন একাধিকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আর্থিক জরিমানা করেন। তবে এতে ক্ষান্ত হয়নি আবুল বাশার।

নিয়মিতভাবেই নকল দুধ তৈরির কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। সর্বশেষ বুধবার রাতে নকল দুধ তৈরি করার সময় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ধরা পরে। তবে অভিযানের পূর্বেই আবুল বাশার খবর পেয়ে পালিয়ে যান। এতে আবুল বাশারের স্ত্রীকে ১ লাখ টাকা জরিমানা ও বাড়ি সিলগালা করা হয়। এ সময় নকল দুধ তৈরির সরঞ্জামাদি ও ব্লেন্ডার ধ্বংস করা হয়।

ভোক্তা কর্মকর্তা রনি বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় অপরাধের দায়ে আবুল বাসারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।