খেলা

বড় আশা জাগিয়ে ছোট সংগ্রহ টাইগারদের

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ হারলেই হোয়াইটওয়াশের লজ্জা পেতে হবে। তাই যে করেই হোক হার এড়ানোর লক্ষ্য টাইগারদের।

শুরুটাও ভালোর ইঙ্গিত দিয়েছিল। নেলসনের সেক্সটন ওভালে টসে জিতে এবার মাশরাফি সিদ্ধান্ত নিলেন ব্যাটিং করার। দুই ওপেনার তামিম-ইমরুল মিলে বড় উদ্বোধনী জুটি গড়লেন। কিন্তু কিছু পরেই দেখা গেল দ্বিতীয় ম্যাচের পুনরাবৃত্তি! শেষ পর্যন্ত ২৩৬ রান করতে সক্ষম হলো সফরকারীরা!দুই ওপেনার মিল দারুণ শুরু করলেন। ইমরুল কায়েসকে দিয়েই দলীয় ১০২৫ রানে শুরু হলো উইকেট পতন। স্যান্টনারের বলে নেইল ব্রুমের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ৬২ বলে ৫ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৪৪ রান করা ইমরুল। এরপর সাব্বির রহমানকে সঙ্গী করে জুটি গড়ার চেষ্টা করছিলেন তামিম। কিন্তু ৮৮ বলে ৫ বাউন্ডারিতে ৫৯ রান করে নিশামের বল নেইল ব্রুমের হাতে ধরা পড়লেন এই ড্যাশিং ওপেনার। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করল টাইগাররা। শুধু এটুকু বললে ভুল হবে, এক কথায় ধস নামল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে।

১০২ রানের উদ্বোধনী জুটি থেকে হঠাত্ করেই দেখা গেল ৭ উইকেটে ১৭৯! স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে সাব্বির (১৯), সাকিব (১৮), মোসাদ্দেক (১১) রান করলেন। আবারও ব্যর্থ হলেন মাহমুদউল্লাহ রিয়াদ (৩)। আগের ম্যাচে ২ রান করা অভিষিক্ত তানভীর হায়দার আবারও সুযোগ পেয়েছেন একাদশে। কিন্তু করতে পারলেন মাত্র ৩ রান! রানের গতি বাড়াতে গিয়ে আউট হলেন অধিনায়ক মাশরাফি (১৪)। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান নিজের কাঁধে দায়িত্বটা নিলেন। দারুণ চাপের সময় খেললেন ৩৯ বলে ৪৪ রানের অসাধারণ এক ইনিংস!

গত ম্যাচে এই অভিষিক্ত তরুণের কল্যাণে শেষ পর্যন্ত ২৩৬ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। ম্যাট হেনরির বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরেন নুরুল হাসান। তিনি ৩টি চার এবং ১টি ছক্কা মেরেছেন। এখন দেখা যাক বোলিং করতে নেমে মুস্তাফিজরা কিউইদের আটকে রাখতে পারেন কিনা।