সদ্য প্রকাশিত
খেলা

ব্রাজিল হেরেছে ১০ জনের দলের কাছে, তবু কেন ‘সন্তুষ্ট’ আনচেলত্তি

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ব্রাজিল হেরেছে ১০ জনের দলের কাছে, তবু কেন ‘সন্তুষ্ট’ আনচেলত্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। শেষ ৪ ম্যাচে জিতেছে মোটে ১টিতে। সবশেষ ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া ফ্রান্সকেও হারাতে পারেনি, হেরেছে ২-১ গোলে। তবু কোচ কার্লো আনচেলত্তি এই ম্যাচের পর আংশিক সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আনচেলত্তির এই সন্তুষ্টির কারণ, এই ম্যাচে তিনি ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, ‘হারলে কেউ খুশি থাকে না। তাই বলতে পারেন, এই ফলাফলে আমি অর্ধেক সন্তুষ্ট। এখনো অনেক পথ বাকি, তবে ইতিবাচক কারণও আছে।’

নতুনদের পারফরম্যান্স নিয়েই এই সন্তুষ্টি আনচেলত্তির। তিনি বলেছেন, ‘ইগর থিয়াগো ও দানিলো ভালো খেলেছে, গাব্রিয়েল সারা ও ইবানেজও নিজেদের ভূমিকা পালন করেছে। এখন বিশ্বকাপের চূড়ান্ত দল বাছাই করা আমার জন্য বেশ কঠিন হয়ে যাবে।’

এই ম্যাচের আগে ভিনিসিয়ুস ও রাফিনিয়া এই বছর মিলে ৩০টি গোলে অবদান রেখেছিলেন। তবে এই ম্যাচে দুজনই নিজের ছায়া হয়ে ছিলেন। তাদের নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমার চোখে কোনো ত্রুটি নেই। রাফিনিয়া ভালো খেলেছে। ভিনিসিয়ুস প্রতিপক্ষের জন্য সবসময় বিপজ্জনক। গোল না করলেও সে যেকোনো সময় গোল করতে পারে।’

একটি বিষয়ে আনচেলত্তি বিরক্তই হয়েছেন খানিকটা। ৬৫ হাজারের বেশি দর্শকের মাঠে ব্রাজিল সমর্থকরা ‘নেইমার, নেইমার’ বলে চিৎকার করেছেন। জাতীয় দলের ভেতরে থাকা খেলোয়াড়দের নিয়েই মাতামাতি করা উচিত বলে মন্তব্য করেছেন ইতালিয়ান এই কোচ। তিনি বলেছেন, ‘এখন আমাদের শুধু যারা দলে আছেন এবং খেলছেন তাদের নিয়েই কথা বলা উচিত।’

ব্রাজিল এরপর ১ এপ্রিল বাংলাদেশ সময় সকালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এটা ১১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ।