নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) এবং অফিস সহকারী রাসেল বাবু (২৮) প্রায় প্রতিদিনের মতো চাহিদা মোতাবেক বগুড়ার সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে আবাদপুকুর শাখায় মোটরসাইকেলযোগে আসছিলেন। পথিমধ্যে আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজের দক্ষিণে মোবাইল টাওয়ারের কাছে পৌঁছালে সামনে এবং পিছন দিক থেকে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চারজন ছিনতাইকারী কর্মকর্তাদের পথরোধ করে।

এরপর তারা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রেখে ৩৪ লাখ টাকা ছিনতাই করে চলে যায়। পরে স্থানীয় পথচারীরা দেখতে পেয়ে ওই দুই ব্যাংক কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পারইল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, এই সড়কে সন্ধ্যা নামলেই আতঙ্ক নিয়ে চলাচল করে এলাকাবাসী। মাঝে মধ্যে রাতে ছিনতাই হলেও এবার প্রকাশ্যে দিবালোকে ব্যাংক প্রতিষ্ঠানের ৩৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেল। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি বিষয়টি জানাই।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করতে পারিনি। তবে আশপাশের সিসি ক্যামেরাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আশা করি জড়িতদের শনাক্ত করতে পারব।









