নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববিদ্যালয় শুধু সার্টিফিকেট দেয় না, নৈতিক শিক্ষা ও সমাজকে এগিয়ে নেওয়ার শিক্ষাও দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক অটুট থাকলে যেকোনো সংকটের পর দ্রুত একাডেমিক কার্যক্রমে ফেরা সম্ভব।
মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের বাস্তব সমস্যা সমাধানে গবেষণাকে কাজে লাগাতে হবে। গবেষণার অর্থায়নের বিভিন্ন উৎস সমন্বয় করতে ইউজিসি ‘রিসার্চ রিপোজিটরি ডেভেলপমেন্ট’ প্রকল্প হাতে নিয়েছে। রুয়েটে গবেষণার পরিবেশ ও সুযোগ-সুবিধা বাড়াতে ইউজিসি সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, প্রকৌশল শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও সমাজের সঙ্গে বন্ধন তৈরির শিক্ষাও নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত, গবেষণা পোস্টার ও স্টার্টআপ প্রদর্শনী এবং দোয়া অনুষ্ঠিত হয়।









