নওগাঁ

বিয়ের নাটক সাজিয়ে ৭ লাখ টাকা আত্মসাৎ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রবাসী এক নারীকে মিথ্যা বিয়ের প্রলোভনে ফেলে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সঠিক বিচারের দাবিতে ভুক্তভোগী নারী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৬ আগস্ট) সকালে ধামইরহাট উপজেলার নিমতলী মোড়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের চক ভাইখাঁ গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, ২০১৭ সালে প্রথমে সৌদি আরবে প্রবাস জীবন শুরু করি। পরে সেখান থেকে ওমানে যাই। ওমানে অবস্থানকালে ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস (বর্তমানে দক্ষিণ কোকিল) এলাকার আসাদুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর মোবাইল ফোনের মাধ্যমে আমাদের বিয়ে হয়।

পরে একশত টাকার একটি ভুয়া স্ট্যাম্পে আমাদের বিয়ের চুক্তিপত্র সম্পাদিত হয়। সেই থেকে আমরা দীর্ঘ কয়েক বছর স্বামী-স্ত্রীর মতো নিয়মিত যোগাযোগ রাখি। তাকে নিজের স্বামী হিসেবে বিশ্বাস করে আমি ব্যাংকের মাধ্যমে ৩ লাখ টাকা এবং বিকাশের মাধ্যমে সাড়ে ৪ লাখ টাকা জমানোর জন্য পাঠিয়ে দিই।
তিনি আরো বলেন, ‘আমি তাকে উপজেলার হরিতকীডাঙ্গা বাজারে একটি ফার্মেসির ব্যবসা প্রতিষ্ঠানও তৈরি করে দিয়েছিলাম।

পরবর্তীতে জানতে পারি সে আমাকে মিথ্যা স্ট্যাম্পের মাধ্যমে বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে শুধু নাটক সাজিয়েছিল, আসল কাজ ছিল আমার টাকা আত্মসাত করা। এছাড়া সে বিবাহিত এবং একটি ছেলে সন্তানের বাবা। সে মিথ্যে কথা বলে আমার এতগুলো টাকা সে হাতিয়ে নিয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই, পাশাপাশি আমার কষ্টে উপার্জিত সেই টাকা দ্রুত ফেরত চাই।
এ ব্যাপারে মুঠোফোনে অভিযুক্ত রবিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।