সদ্য প্রকাশিত
ফটো ফিচার

বিচিত্র প্রকৃতি দুষ্প্রাপ্য বেরিয়া ফুল

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৫৩ মিনিট পড়া
বিচিত্র প্রকৃতি দুষ্প্রাপ্য বেরিয়া ফুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যাঁরা বেরিয়াগাছ চেনেন না তাঁরা গাছটির ফুল দেখে ভুল করে হয়তো সেগুন ফুলও ভাবতে পারেন। কারণ দূর থেকে সেগুন আর বেরিয়া ফুল দেখতে অনেকটা একই রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বুদ্ধনারকেলগাছের পাশে বেরিয়া দেখে প্রথম দিকে কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম। কারণ দুই গাছেরই পাতার গড়ন প্রায় অভিন্ন।

তুলনামূলকভাবে দুষ্প্রাপ্য হওয়ায় গাছটি ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ কম ছিল।
টিএসসি থেকে খানিকটা দূরে থাকতেই আগে চোখে পড়বে অনেক উঁচু একটি গাছ। টিএসসির দেয়াল লাগোয়া এই গাছটির নাম বুদ্ধনারকেল। পাতার আড়ালে ঝুলে থাকা ফলগুলো বছরের দীর্ঘ একটি সময় দৃশ্যমান থাকে।

তার পাশেই জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে ফুলভর্তি দুটি বেরিয়াগাছ। শ্যামলী নিসর্গ গ্রন্থে অধ্যাপক দ্বিজেন শর্মা লিখেছেন, ‘এখানকার গাছের দুটি প্রজাতির মধ্যে সাদৃশ্য এতই স্পষ্ট যে পেশাদার বিজ্ঞানী কিংবা বর্ষব্যাপ্ত পর্যবেক্ষণ ছাড়া তাদের পার্থক্য নির্ণয় করা কঠিন।…যা হোক এদের সামঞ্জস্য যতই স্পষ্ট হোক, বৈষম্যও কিছু মাত্র কম নয়। এরা শুধু দুই প্রজাতিই নয়, দুটি স্বতন্ত্র গোত্রজও।

বেরিয়া পাটগোত্রীয় আর বুদ্ধনারকেল হলো জংলি বাদামের আত্মীয়।’
তুলনামূলকভাবে এই গাছ ঢাকাসহ প্রায় সারা দেশেই দুর্লভ। ধানমণ্ডির ২২ নম্বর সড়কে আবাহনীর মাঠ লাগোয়া দেয়ালের ধারে বেরিয়ার (Berrya cordifolia) বেশ বড় কয়েকটি গাছের পরিকল্পিত বীথি চোখে পড়ে। মিরপুর বোটানিক্যাল গার্ডেনে আছে চার-পাঁচটি গাছ। ধানমণ্ডি লেকেও বিচ্ছিন্নভাবে কয়েকটি গাছ চোখে পড়ে।

সব মিলিয়ে মাত্র হাতে গোনা কয়েকটি।
বেরিয়া মধ্যমাকৃতির পত্রমোচি বৃক্ষ। প্রায় ৪০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড সরল, উন্নত, ধূসর প্রায় মসৃণ। শাখা ঊর্ধ্বমুখীন, পত্রঘন এবং পত্রবৃহৎ, দীর্ঘবৃন্তক, তাম্বুলাকৃতি, শিরাজালে সুচিহ্নিত, পাতলা, ঘনসবুজ, দন্তরপ্রান্তিক। গ্রীষ্মের একেবারে শেষ ভাগে প্রস্ফুটন প্রস্তুতি শুরু হয়। বর্ষার প্রথম ভাগে ফুল ফুটতে শুরু করে, থাকে কয়েক দিন। মূলত নতুন পাতা গজানোর পরপরই অজস্র মঞ্জরিতে আচ্ছন্ন হয় গাছ। সাদা পাপড়ির সঙ্গে সোনালি হলুদ পরাগ চক্র এ ফুলের শোভা। তবে চমকপ্রদ বিষয় হলো—খোদ ঢাকা শহরেই এ গাছের ফুলফুলের সময়কালে ব্যতিক্রম দেখেছি। টিএসসির গাছগুলোতে যখন ফুলই ফোটেনি, তখন লেকের দুটি গাছে ফুল শেষ হয়ে ফল আসতে শুরু করেছে। ফল স্থায়ী বৃতিযোগে পক্ষল, ঘন বাদামি এবং সংখ্যায় ফুলের মতোই অজস্র। কাঠ গাঢ়-লাল, ভারি ও দীর্ঘস্থায়ী। ঘরের কড়ি-বরগা থেকে গরুর গাড়ি, নৌকা, চাষের যন্ত্রপাতি সবই এই কাঠে তৈরি হয়। শ্রীলঙ্কায় এটাই প্রধান কাঠ। বাকল থেকে স্থূল আঁশ পাওয়া যায়। আদি আবাস শ্রীলঙ্কা, মায়ানমার, আন্দামান ও দক্ষিণ ভারত।

বেরিয়া নামাংশ ডা. এনড্রু বেরিয়ার স্মারক। কলকাতার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে স্যার উইলিয়াম রক্সবার্গ গাছটির সঙ্গে এই মাদ্রাজি তরুবিদের নাম যুক্ত করেন। আর কর্ডিফোলিয়া অর্থ তাম্বুলাকৃতির পাতা। বেরিয়ার আরো কয়েকটি পরিকল্পিত বীথি করা সম্ভব হলে বর্ষায় উঁচু গাছের ফুলের দৈন্যতা কিছুটা হলেও কমবে। আইইউসিএনের পর্যবেক্ষণে এই গাছটি বর্তমানে সারা বিশ্বে বিপন্ন অবস্থায় রয়েছে। বংশবৃদ্ধি বীজ থেকে।

বেরিয়া গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের নিম্নভূমি এলাকার একটি উদ্ভিদ। সেখানে এটি ৩০০ মিটার পর্যন্ত উচ্চতায় জন্মে। এটি এমন অঞ্চলে সবচেয়ে ভালো জন্মে যেখানে বার্ষিক দিনের তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এই গাছ দুই হাজার ৭০০ থেকে তিন হাজার ৩০০ মিমি গড় বার্ষিক বৃষ্টিপাত পছন্দ করে। উর্বর, মাঝারি থেকে ভারি মাটিতে রৌদ্রোজ্জ্বল অবস্থানে বা হালকা ছায়ায় সবচেয়ে ভালো জন্মে। গাছের আংশিক ছায়া প্রয়োজন, বিশেষ করে চারা পর্যায়ে; পূর্ণ রোদে একাকী গাছগুলো খুব কম বৃদ্ধি পায়। এঁটেল মাটি অপছন্দ। চারার বৃদ্ধি ধীর হলেও পরবর্তী সময়ে গাছটি বেশ দ্রুত বৃদ্ধি পায় এবং কমপক্ষে প্রথম ৩০ বছর ধরে গড়ে বার্ষিক গোড়ার ব্যাস এক সেমি বৃদ্ধি পায়।