সদ্য প্রকাশিত
রাজনীতি

বিচার আগে না নির্বাচন আগে, জানতে চান ডোনার

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া
বিচার আগে না নির্বাচন আগে, জানতে চান ডোনার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করেছেন, বিচার আগে, না নির্বাচন আগে?

তিনি বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া, তবে নির্বাচন আগে হওয়া উচিত। নির্বাচন হবে এবং পাশাপাশি বিচারও চলবে। আওয়ামী লীগের অপরাধ, গুম, খুন ও দুর্নীতির বিচার অবশ্যই হবে, তবে নির্বাচন সবার আগে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে ফরহাদ হালিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
ফরহাদ হালিম ডোনার বলেন, ‘সংস্কার বিএনপির মাথায় আগে থেকেই রয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। জনগণের প্রয়োজন অনুযায়ী সংস্কার চলবে। তবে নির্বাচন বিলম্বিত করা যাবে না।

তিনি প্রশ্ন তোলেন, স্থানীয় নির্বাচন আগে, না জাতীয় নির্বাচন আগে? তিনি বলেন, স্থানীয় নির্বাচন আগে হতে দেওয়া যাবে না, জাতীয় নির্বাচন আগে হবে এবং পরে স্থানীয় নির্বাচন হবে।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিনসহ বিভিন্ন নেতা বক্তব্য দেন।

 

সূত্র: কালের কণ্ঠ