সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির সাত দফা দাবিকে অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির সাত দফা দাবি অযৌক্তিক, অবাস্তব এবং কোনো কোনোটি সংবিধানবিরোধী। নির্বাচনের সিডিউল ঘোষণার আর মাত্র ১ মাস বাকি। এর মধ্যে তাদের দাবি মেনে নেয়ার কোনো সুযোগ নেই।
সোমবার রাজধানীতে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী নির্বাচনী গণসংযোগের প্রথম দিনে গুলশান এলাকায় তিনি এসব কথা বলেন। একই দিন বিকালে রাজধানীর শান্তিনগরে গণসংযোগে গিয়ে তিনি বলেন, বিএনপির ক্ষমতায় যাওয়াটা ‘উচ্চাভিলাষের ময়ূর সিংহাসন’। এ ময়ূর সিংহাসন অনেক দূরে।

রোববার রাজধানী ঢাকায় সপ্তাহব্যাপী গণসংযোগের উদ্দেশে চারটি টিম গঠন করে আওয়ামী লীগ। সোমবার গুলশান কাঁচাবাজার, শান্তিনগর কাঁচাবাজার, ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার ৪৮নং ওয়ার্ড এবং মোহাম্মদপুর টাউন হল এলাকায় গণসংযোগ করেন টিমগুলোর সদস্যরা। গুলশান কাঁচাবাজার থেকে গণসংযোগ শুরুর প্রাক্কালে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নিজেরাও ক্ষমতায় থাকলে এ সময়ের মধ্যে দাবিগুলো মেনে নিতে পারত না। অসাংবিধানিক দাবি কেউ মেনে নিতে পারত না। ‘এ দাবিগুলো তারা শুধু বলার জন্য বলছে, তাদের নেতাকর্মীদের চাঙ্গা করতে এসব আবোলতাবোল দাবি তুলছে। তারাও জানে এ দাবিগুলো মেনে নেয়ার কোনো যৌক্তিকতা নেই।
নাশকতা প্রতিরোধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন- সহিংসতা, নাশকতা সাম্প্রদায়িক অপশক্তির সব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।
শাসক দলের সাধারণ সম্পাদক বলেন, তার দল মারামারি, হানাহানি, পাল্টাপাল্টির মধ্যে নেই। বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তি সহিংসতা, নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। বিএনপির রাজপথ দখলের ঘোষণার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘রাজপথ কে দখল করতে আসে দেখব। রাজপথ দখল করতে এলে আইনপ্রয়োগকারী সংস্থা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে। নিজেদের কর্মসূচি নিয়ে তিনি বলেন, আমাদের কর্মসূচি হচ্ছে নিরীহ কর্মসূচি। আমাদের কর্মসূচি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত কর্মসূচি। আমরা জনগণের কাছে যাব, উত্তেজনা ছড়াব না। দলীয় প্রার্থী হতে ইচ্ছুক যেসব ব্যক্তি নিজেদের বিষোদগার করবেন, এ রকম কোনো ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে না। এরা বিএনপি জামায়াতের বিরুদ্ধে কথা না বলে নিজেদের বিরুদ্ধে কথা বলতে থাকে। চায়ের দোকানে বসে আওয়ামী লীগ নেতাকর্মীদের বদনাম করে, ঘরের মধ্যে ঘর করে, আর যাই হোক তারা মনোনয়ন পাবেন না। দলের বিরুদ্ধে যারা কথা বলে তারা দলের বন্ধু নয়, শত্র“।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য শয়তানের সঙ্গে বন্ধুত্ব করব’ এমন বক্তব্যের জবাব জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, শয়তানের সঙ্গে যারা জোট করেন, তারা নিজেরাই শয়তান।
ওবায়দুল কাদের ছাড়াও গণসংযোগে আরও অংশ নেন- আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, বনানী থানা আওয়ামী লীগ সভাপতি একেএম জসিম উদ্দিন, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।
এছাড়া ‘ক্ষমতায় গেলে সব কিছুর জবাবদিহি নেয়া হবে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটি ‘উচ্চাভিলাষের ময়ূর সিংহাসন’। সোমবার বিকালে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে নির্বাচনী গণসংযোগে গিয়ে এমন মন্তব্য করে তিনি বলেন, এ ময়ূর সিংহাসন অনেক দূরে। ক্ষমতায় গেলে পরে কি হবে? আগে ক্ষমতায় যান। এত সহজ নয়, ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে। শেখ হাসিনার উন্নয়ন অর্জনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আপনাদের চলার পথে যে কালো ছায়া ফেলেছে, তাতে বিএনপি সংকটে পড়েছে।
ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে হুমকি-ধমকি দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে তারা। ‘ঘোলা জলে মাছ শিকার’ করতে চাইছে। আমরা পাল্টাপাল্টি করব না। যদি ঢাকা অচল করতে আসে জনগণ বিএনপিকে অচল করে দেবে। তাই অচলের হুমকি দেবেন না। এ দেশের মালিক প্রথমে আল্লাহপাক, এরপর জনগণ। জনগণ যতদিন ক্ষমতায় রাখবে আমরা ততদিন ক্ষমতায় থাকব। কিন্তু জনগণ না চাইলে একদিনও থাকব না।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার ৪৮নং ওয়ার্ডে গণসংযোগে গিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, সরকারের পক্ষে বিএনপির দাবি-দাওয়া মানা সম্ভব নয়। খালেদা জিয়াকে মুক্তি দেয়া এ সরকারের পক্ষে অসম্ভব। কারণ সেটা আদালতের বিষয়। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। আপনাদের স্বাগত জানাব। আর নির্বাচনে অংশ না নিয়ে যদি নির্বাচন বানচালের চেষ্টা করেন, তাহলে পরিণতি হবে ভয়াবহ।
এ সময় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, এসএম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে হানিফের নেতৃত্বে কাপ্তান বাজার মার্কেটের দোকানদারদের মধ্যে লিফলেট বিলি করা হয়। একই সঙ্গে আওয়ামী লীগ নেতারা দোকানদার ও ব্যবসায়ীদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় নৌকা নৌকা স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে।
একই দিন (সোমবার) বিকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে নির্বাচনী গণসংযোগের নেতৃত্ব দেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু প্রমুখ উপস্থিত ছিলেন।










