সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

বাগমারায় নদী দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
বাগমারায় নদী দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

বাগমারা প্রতিনিধি:
বাগমারায় নদী দখল করে মার্কেট নির্মাণ শুরু করেছে দখলবাজরা। সম্প্রতি কতিপয় দখলবাজরা ভবানীগঞ্জ হাটের দক্ষিণ পার্শ্বর ব্রীজ সংলগ্ন পশ্চিম পাশের জায়গায় অর্থাৎ ফকিরনী নদীর মাঝখান থেকে আরসিসি পিলার দিয়ে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে। নদী দখল করে মার্কেট নির্মাণ কাজে স্থানীয়রা বাধা দিলেও কোন লাভ হয়নি।

 
সেখানে নদীর মধ্যে প্রায় ১৫/১৬ টি বিশাল বিশাল গর্ত তৈরি করে ঢালাই এর কাজ শেষ করেছে।

 
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পাশ্ববর্তী বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন কিছু শ্রমিক লাগিয়ে এখানে গর্ত খননের কাজ শুরু করেন।

 
সেখানে আরসিসি পিলার তৈরি করে বহুতল বিশিষ্ট মার্কেট নির্মাণ করা হবে। তবে জায়গাটিতে অধিক বালু মাটি থাকায় সেখানে গর্ত করার সাথে সাথে তা ধ্বসে পড়ে যাচ্ছে। ব্রীজ সংলগ্ন কয়েকজন দোকানী জানান, এখানকার বালু মাটিতে সামান্য গর্ত করার ফলে তা ধ্বসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এভাবে গর্ত সৃষ্টি ও মাটি ধ্বসে পড়ার ফলে ব্রীজটি চরম হুমকির মুখে পড়ে যাচ্ছে।

 
সিএনজি চালাক মাহাবুুর ও মতিন জানান, এই ব্রীজটি স্বল্প ধারণ ক্ষমতার ব্রীজ। ভারী যানবাহন এর ওপর দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ। যে কারণে ব্রীজের উত্তর পাশে ব্রীজের মাঝখানে বড় যানবাহন চলাচল রোধ করার জন্য একটি ছোট আকারের পিলার তৈরি করা ছিল। সম্প্রতি কিছু বড় বড় যানবাহনের চালকরা ব্রীজটি ব্যবহারের জন্য ওই পিলারটি কৌশলে ভেঙ্গে ফেলেছে। ফলে এখন এই ব্রীজ দিয়ে দশ-পনেরো টন ওজনের ট্রাক পারাপার হচ্ছে।

 
অথচ এসব বড় যানবাহন চলাচলের জন্য মাত্র আধা কিলোমিটার দূরে দেউলা- সূর্যপাড়ায় একটি বেইলী ব্রীজ নির্মাণ করা হলেও সময় বাচাতে চালকরা ওই রাস্তা কমই ব্যবহার করেন। তাদের মতে এই ব্রীজ দিয়ে ভারি যানবাহন চলাচল করলে ভবানীগঞ্জ বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

 

পথচারী এক কলেজ শিক্ষক বোরহান উদ্দিন জানান, ব্রীজটি এমনিতেই ঝুকিপূর্ণ তার ওপর ভারী যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় আরো ঝুকিপূর্ন হয়ে পড়েছে। এখন আবার দক্ষিণ পাশে গর্ত করায় সেখানে ব্রীজটি ভেঙ্গে পড়ার ঝুকি দেখা দিয়েছে।

 
ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী দেওয়ান আব্দুর রাজ্জাক জানান, উপজেলা প্রশাসনের নাকের ডগায় যেভাবে নদী দখল করে আরসিসি পিলার দিয়ে কাজ চলছে তাতে তিনি হতভাগ হয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা নদী দখল বন্ধে ও ব্রীজ রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধে এই পথে চলাচলকারী লোকজনের কথা চিন্তা করে অবৈধভাবে নদী দখল বন্ধ করা জরুরী বলে তারা জানান।

 
এ ব্যাপারে জানতে চাইলে আমজাদ হোসেনর পুত্র জাহাঙ্গীর আলম জায়গাটি তাদের দাবী করে বলেন, এখানে কোনভাবে নদী দখল করা হয়নি। এমনকি সরকারও ব্রীজ নির্মাণে কোন জমি অধিগ্রহন করেনি।

 
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন জানান, নদী দখল করে মার্কেট নির্মানের ফলে যাতে পানি প্রবাহের গতি পথে বাধাঁর সৃষ্টি না হয় সে বিষয়ে তাদের বলেন। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে যদি সমস্যা লক্ষ্য করা যায় তাহলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হবে।

স/আর