নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর স্থানীয় দৈনিক শানসাইন ও অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস ২৪ ডট কম-এ ‘বহিস্কার হচ্ছেন মিনু-মন্টু’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। আজ রবিবরা বিকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় মহানগর নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনুকে কেন্দ্র করে উক্ত শিরোনামে মিথ্যা তথ্য সংবলিত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর নেতৃবৃন্দ মনে করেন, সদ্য অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশনের প্রহসনমূলক নির্বাচনে ব্যাপক জালিয়াতি, কারচুপি ঢাকতে এবং রাজাশাহীর সাবেক মেয়র, সাংসদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনুর দল-মত নির্বিশেষে ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থম্বেষী গোষ্ঠীর প্ররোচণায় হীন উদ্দেশ্য চারিতার্থে যাচাই বাছাইহীন মনগড়া , অনুমান নির্ভর সংবাদটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের বিএনপির ১৯টি সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক করে দলের হাইকমান্ড, উক্ত বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা মিজানুর রহমান মিনু অনুপস্থিত থাকলেও, তাকে কেন্দ্র করে উক্ত সংবাদে প্রকাশিত কোন বক্তব্য প্রদান করা হয়নি বরং সদ্য অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে মিজানুর রহমান মিনুর সাহসী এবং আন্তরিক পরিশ্রমের ভূয়সী প্রশংসা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনতিবিলম্বে দৈনিক সানসাইন এবং পদ্মাটাইম্স ২৪.কম-এ ‘বহিস্কার হচ্ছেন মিনু-মন্টু’ শিরোনামে প্রকাশিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি প্রত্যাহারসহ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ না করা হলে, প্রচলিত আইন অনুযায়ী আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
স/শা










