নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বুধবার বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনের দলীয় টেন্টে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাবির সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি অনিকা ফারিহা জামান অর্ণা।
এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পতবক অর্পণ করেন নেতাকর্মীরা।
প্রতিষ্ঠবার্ষিকী কর্মসূচিতে আরো ছিল রক্তদান কর্মসূচি, পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী এবং গরীব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
এদিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে গোটা ক্যাম্পাস। নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। প্যারিস রোড, টুকিটাকি চত্ত্বর, রবীন্দ্রভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, দলীয় টেন্ট, প্রধান ফটক, শহীদ মিনার চত্ত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছে লাল-সবুজ রঙে ছাত্রলীগের লোগো আঁকা হয়েছে। আর দেয়াল লিখনে লাল-সবুজ রঙের কালিতে ছাত্রলীগের বিভিন্ন দিবস ও সংগঠনের ঐতিহ্যের তথ্য বর্ণনা করা হয়েছে।
স/আ










