নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ আয়োজন উপলক্ষে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক পলি রানীকে সদস্যসচিব করা হয়েছে।মানচিত্র দেখুন
সোমবার (৯ নভেম্বর) বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী নগরের বাটার মোড়ের পান্ডুলিপি বুক ক্যাফেতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

আগামী ১২ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরোনো বটগাছের নিচে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বরেন্দ্র অঞ্চলের প্রাণ-প্রকৃতি, কৃষিবাস্তুশাস্ত্র, খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষার বিষয়গুলো সামনে রেখে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
বরেন্দ্র অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং গ্রিন কোয়ালিশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী ও মো. আলমগীর হোসেনকে। যুগ্ম সদস্যসচিব হয়েছেন ইহতেশামুল আলম, রিয়া করিম ও তাহমিদ জাকি। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মো. মাসুম ইসলাম, মোসা. সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পী। এ ছাড়া বরেন্দ্র অঞ্চলের নাচোল, তানোর ও পবা উপজেলা থেকে আসা কৃষক-কৃষাণী ও তরুণেরা কমিটির বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।অভিধান খুঁজুন
সম্মেলনের মূল লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের তরুণদের মধ্যে কৃষিবাস্তুশাস্ত্র, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা তৈরি, নেতৃত্ব বিকাশ, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। ‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ স্লোগানে ‘বরেন্দ্র অঞ্চলে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তারুণ্যের ভূমিকা’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সম্মেলনে দেশি বীজ ও স্থানীয় কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, পানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কৃষি নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের খরা, তাপপ্রবাহ ও পানিসংকটের প্রভাব, কৃষক-নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি এবং স্থানীয় অভিযোজনের বিষয়গুলোও গুরুত্ব পাবে।
এ ছাড়া খাদ্য উৎপাদনে কৃষকের অধিকার, স্থানীয় খাদ্যসংস্কৃতি, নিরাপদ খাদ্য এবং খাদ্যব্যবস্থায় কৃষক ও সাধারণ মানুষের সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিয়ে আলোচনা হবে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন তুলে ধরা, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।









