সিল্কসিটিনিউজ ডেস্ক:
বন্যাদুর্গত এলাকার কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

বন্যাকবলিত কৃষকের ঋণ মওকুফের দাবিতে কৃষক দল এ মানববন্ধনের আয়োজন করে।
তিনি আরও বলেন, কিছু দিন আগে শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা নাই হয়ে গেল, একটা মামলাও হয়নি। আর অসহায় কৃষকদের শুধু দুই-তিন হাজার টাকার জন্য মামলা হচ্ছে, বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে।
‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। অবিলম্বে কৃষকদের ঋণ ও সুদ মওকুফ করা হোক।’
দুদু বলেন, ভালো কাজ করতে চাইলে বেগম খালেদা জিয়ার কাছে শিক্ষা নিন। তিনি ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন কৃষকদের সাহায্য করবেন। কৃষকদের পাশে দাঁড়াবেন। কৃষকদের ঋণ মওকুফ করবেন। তিনি তা করেছিলেন। হাজার হাজার কৃষকের ঋণ মওকুফ করেছিলেন।
তিনি আরও বলেন, মানুষ বন্যাকবলিত হলে বেগম খালেদা জিয়া তাদের কাছে ছুটে যেতেন। আর্থিক সহায়তা দিতেন। আর আজকের প্রধানমন্ত্রী এখন কোথায় আছেন? দেশবাসী তা জানেও না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদু বলেন, আপনি বিদেশে গেছেন চিকিৎসা নিতে। এই কৃষকদের কে দেখবে? বন্যাকবলিত মানুষদের কে দেখবে? ডেঙ্গু আক্রান্ত মানুষদের কে দেখবে?
‘আপনি শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বলেছিলেন সারের দাম কমাবেন, ১০ টাকা সের চাল খাওয়াবেন, কিন্তু তা করেননি। এখন কৃষকরা অনেক কষ্টে আছে, আর আপনাকে খুঁজে পাওয়া যায় না।
কৃষক দলের এ নেতা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় টাকা দিয়ে চিকিৎসা নিচ্ছেন, তা হলে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার কোনো ব্যবস্থা করছেন না কেন? মানুষ কি শুধু আপনি একাই? দেশে আর কোনো মানুষ নেই?
‘বিশ্ববাসী দেখছে ২৭ হাজার কোটি টাকার কোনো মামলা হয় না, গ্রেফতার হয় না। অথচ দুই কোটি টাকা যা এখন বেড়ে আট কোটি টাকা হয়েছে। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে আটক করে রেখেছেন। আল্লাহ দেখছেন, বিচার সুষ্ঠু করেন আর না হলে আল্লাহর বিচার বড় কঠিন বিচার। সেই বিচার যদি নেমে আসে তা হলে মানুষ দেখতে পাবে ভয়ঙ্কর পরিস্থিতি।










