দুর্ঘটনা

বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে সরিষাবাড়ীতে দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জামালপুরের সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুৎ লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি সেলিম ও বজ্রপাতের ঘটনায় সিফাত নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় সেলিম ও ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় সিফাতের।

নিহত সেলিম পৌর এলাকার বাউসি চন্দনপুর গ্রামে আবুল কাশেমের ছেলে এবং নিহত সিফাত ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ও ভাটারা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার বিকালে চরবালিয়া গ্রামের হরমুজ আলীর বাড়ির সামনে পল্লী বিদ্যুৎ লাইনের মেরামত করছিল সেলিম মিয়া।

এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলে পড়ে সেলিম। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিস মিয়া জানান, রবিবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

সিফাত নিজ বাড়ির পাশে আম গাছের নিচে বসেছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী সিফাত মিয়া।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।