রাজশাহী

বগুড়ায় নিহত ২ জেএমবি’র মধ্যে একজন রাজশাহীর রিপন

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডারসহ দুই জঙ্গি নিহতের ঘটনা ঘটেছে। সোমবার সকালের এ ঘটনায় নিহত দুই জেএমবিদের মধ্যে একজন  নাচোল উপজেলার হামিদপুর গ্রামের এনামুল হকের ছেলে বদর মামা ওরফে খালেদ হাসান (৩৫) অপর জন হলেন, নগরীর পাঠানপাড়া এলাকার গোলাম সবুরের ছেলে ইব্রাহিম গোলাম তারেক ওরফে রিপন (২৯)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারি পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে বলেন, বগুড়ার দুই জেএমবি সদস্যের নিহতদের মধ্যে ইব্রাহিম গোলাম তারেক ওরফে রিপন রাজশাহীর পাঠান পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রাজশাহীতে তার কিছু আত্মীয় স্বজন থাকেন । তাদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রসঙ্গত, সোমবার ভোরে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের নয়লাপাড়া মোড়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই জঙ্গিদের অবস্থান করা এলাকায় অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি বর্ষণ শুরু করে । এ সময় পুলিশ ও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুঁড়তে থাকে। এক পর্যায়ে দুই জঙ্গি নিহত হয়।

তিনি বলেন, এতে দুই পুলিশ সদস্য আহত হন। দুই জঙ্গির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুই পুলিশ কনস্টেবল হলো আব্দুল মোত্তালেব ও বাবুল আখতার। তাদেরকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং গ্রেনেড তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নিহত জঙ্গিদের মধ্যে রিপন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যার সঙ্গে জড়িত।

স/শ