নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের এইচএসসির ছয় শিক্ষার্থীর ফরম পূরণের নামে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর (আউটসোর্সিং) সাব্বির হোসেন শাওনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

শনিবার গভীর রাতে তাকে শিবগঞ্জের বানাইল এলাকায় বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ওসি শাহীনুজ্জামান শাহীন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন চলতি এইচএসসি পরীক্ষার্থী মো. হাসর, মো. সম্রাট সরকার, তৌহিদুর রহমান তামিম, মইনুর ইসলাম, অমিত হাসান এবং সাব্বির হোসেনের সঙ্গে কথা বলে বিশ্বাস স্থাপন করেন। তিনি তাদের পরীক্ষার ফরম পূরণের নামে সবার কাছে সাড়ে চার হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন। পরীক্ষা শুরুর আগের দিন ১ জুলাই বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা কলেজে গিয়ে জানতে পারেন, তাদের নামে প্রবেশপত্র আসেনি। তখন পরীক্ষার্থীরা বুঝতে পারেন সাব্বির হোসেন শাওন অজ্ঞাতনামা আসামিদের পরস্পর যোগসাজশে তাদের ফরম পূরণ করে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম শনিবার শাওনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে ছয় শিক্ষার্থী প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
এদিকে শিবগঞ্জ থানা পুলিশ শনিবার রাত ৪টা ২০ মিনিটের দিকে বানাইল এলাকার বোনের বাড়িতে অভিযান চালিয়ে আসামি মৃত আবদুল মান্নান শেখের ছেলে কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছয় পরীক্ষার্থীর ফরমপূরণের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।









