সিল্কসিটিনিউজ ডেস্ক :
অধিকৃত পূর্ব জেরুজালেমের কাছে অবস্থিত খান আল-আহমার এলাকার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিদের অধিকারবিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) একটি বিশেষ কমিটি।
কমিটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের উচ্ছেদের এই উদ্যোগ ইসরায়েলের একটি পরিকল্পিত ও বেআইনি নীতি। এর মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বৈষম্য ও আধিপত্যের ব্যবস্থা আরো শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, দখলকৃত পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদ বহুবার ভোট দিয়েছে। তাই এসব এলাকায় জনসংখ্যার গঠন পরিবর্তন বা ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দেওয়ার যেকোনো উদ্যোগ আন্তর্জাতিক অবস্থানের পরিপন্থী।
কমিটির মতে, ফিলিস্তিনিদের উচ্ছেদের এ ধরনের পদক্ষেপ ১৯৪৮ সালে শুরু হওয়া ‘নাকবা’র ধারাবাহিকতাকেই আজও বজায় রাখছে। ‘নাকবা’ বলতে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার ঐতিহাসিক ঘটনাকে বোঝানো হয়।
এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের তথাকথিত ‘ই-১ এলাকা’য় অবস্থিত খান আল-আহমার জনগোষ্ঠীকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশনা দিয়েছেন।
তার এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই খান আল-আহমারের বাসিন্দারা উচ্ছেদের আশঙ্কার মধ্যে বসবাস করছেন এবং এ নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে।










