সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তার প্রভুদের সন্তুষ্ট করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
রোববার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সাবেক পানি সম্পদমন্ত্রী (হাফিজ) পানির ন্যায্য হিস্যা ও দেশের স্বার্থের পক্ষে একজন নির্ভিক ভাষ্যকার। পানির চুক্তির চক্রান্তের নানাদিক তুলে ধরতে পারতেন সাবেক এ পানি মন্ত্রী। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
‘দেশবিরোধী চুক্তি করে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার বিরুদ্ধে সোচ্চার মেজর হাফিজের কণ্ঠকে স্তব্ধ করানোর জন্যই এ গ্রেফতার। আমরা মনে করি, কীর্তিমান দেশপ্রেমিক এ মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে সরকার তার প্রভুদের সন্তুষ্ট করতে চাচ্ছে।’
গত ৫ অক্টোবর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের পর সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ফেনী নদীর পানি প্রত্যাহার, বন্দর ব্যবহার ও গ্যাস বিক্রি নিয়ে এসব চুক্তি ভারতের পক্ষে গেছে বলে অভিযোগ করে আসছে বিএনপিসহ বিভিন্ন দল।
শনিবার সন্ধ্যায় চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাফিজ উদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করে।
তার আগে সকালে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে গ্রেফতার করে র্যাব।
র্যাবের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় মামলা করা হয় বলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।
রিজভী বলেন, ‘এই গ্রেফতার সুপরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সুদুরপ্রসারী ষড়যন্ত্রের নগ্ন বহিঃপ্রকাশ। এটি মানুষের চোখকে অন্যদিকে ঘুরিয়ে দেয়ার অপকৌশলমাত্র। আমরা এ মুহূর্তে তার বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’
বুয়েটছাত্র আবরার হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালু রাখা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আবরার ফাহাদের মতো আর কোনো অসীম সম্ভাবনাময় জীবন যাতে ঝড়ে না যায় সেইজন্য বুয়েটের শিক্ষার্থীদের এই ১০ দফা। আন্দোলনকারী শিক্ষার্থীদের এই ১০ দফা মানার ঘোষণা দিলেই সরকারের সব অপরাধ মাফ হয়ে যায় না।’
ভারতের সঙ্গে চুক্তি ও আবরার হত্যার প্রতিবাদে শনিবার ঢাকা, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান বিএনপির এ নেতা।










