সদ্য প্রকাশিত
রাজশাহী

‘প্রথম দেখায় পাঁচশ, দ্বিতীয় দেখায় তিনশ’

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
‘প্রথম দেখায় পাঁচশ, দ্বিতীয় দেখায় তিনশ’

নিজস্ব প্রতিবেদক
‘মানুষ যেন এই টাকার দোজখে না আসে। বড় করে দরজার সামনে সাইন বোর্ড দিয়েছে, প্রথম দেখায় ৫০০ এবং দ্বিতীয় দেখায় ৩০০। দুই থেকে তিন মাস পরে আসলে আবার নতুন রোগি হিসেবে আমাকে ৫০০ টাকা দিতে হবে। আবার চিকিৎসার জন্য ডাক্তারকে আগেই ৫০০ টাকার সিরিয়াল দিতে হয়।’

গত মঙ্গলবার বিকেলে নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে ছেলের মাথার সমস্যায় চিকিৎসা নিতে আসা রাজশাহীর গোদাগাড়ী এলাকার আবদুর রাজ্জাক এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, ‘বাবারে আমার অনেক ক্ষণ হলো আসা। বড় মেডিকেলে ডাক্তার দেখেছে, কিছু বলেতে পারে নি। তাই বড় (রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতাল) মেডিকেল থেকে বাড়িতে নিয়ে গেছি। মাথার ব্যথার কারণ ডাক্তররা ধরতেই পারে না। বলে ওষুধ খান ঠিক হয়ে যাবে।’

তিনি বলেন, ‘মানুষ এখানে আনন্দে আসে না। তাদের রোগের সমস্যার সমাধানের জন্য আসে। ডাক্তাররা যদি হাসপাতালে ভালো করে রোগিদের চিকিৎসা দিত তাহলে এসব যায়গায় আর আমরা সাধারণ মানুষ আসতাম না। এসব ক্লিনিকের ডাক্তাররা বড় মেডিকেলে কোন রকম রোগি দেখেই চলে আসেন। যাতে আমরা সেই ডাক্তারকে খোঁজ করতে  ক্লিনিকে যায়। তাহলে তো তাদের টাকা কামাই হবে।’

নগরীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছোট-বড় মিলে প্রায় শতাধিক। সেন্টারগুলোতে অস্বাভাবিক হারে নেয়া হয় চিকিৎসা ভিজিট। চিকিৎসকদের ইচ্ছে মত পরিবর্তন করা হয় ভিজিট। এসব ডায়াগনস্টিক সেন্টারে ৫শ থেকে ৭’শ টাকা পর্যন্ত চিকিৎসা ভিজিট। আবার কোন চিকিৎসকের ভিজিট আগে দিতে হয়। তা না হলে তিনি রোগি দেখবেন না।

ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ডাক্তারদের সঙ্গে রোগিরা যতবার সাক্ষাত করবেন তাদের ততবার ভিজিট দিতে হবে। শুধু তাই নয়, এতে করে রোগিদের ডবল ভিজিট দিতে হচ্ছে। এর ফলে বেশি বিপাকে পড়েছেন দরিদ্র শ্রেণির মানুষ। কোন উপায় না থাকায় রোগিদের সেই জালে নিজের ইচ্ছোই বন্দি হতে হচ্ছে। তা না হলে চিকিৎসার অভাবে আরো অন্য কোন বড় সমস্যা হতে পারে।

এসব ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসার দিক থেকে রাজশাহীর কিছু সিনিয়র বিশেষজ্ঞদের প্রথম ভিজিট ৭শ থেকে ৮শ টাকা, তারপরের অবস্থানের চিকিৎসকদের প্রথম ভিজিট ৭শ টাকা। এভাবে কমে ৪শ থেকে ৫শ টাকা।

এ বিষয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টেলিফোনে একাধিকবার ফোন দেয়া হয়। কিন্তু ফোন রিসিভ না করায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী মালিক সমিতির সভাপতি ডা. এমএমএ মান্নান বলেন, এ ভিজিটের বিষয়ে কোন সরকারি নীতিমালা নেই। ডাক্তাররা যেভাবে টাকা নিচ্ছে তা অবৈধ। সরকারিভাবে নীতিমালা করা হলে, বেশি টাকা নেওয়ার বিষটি ঘটবে না।

এবিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ফেরদৌস নিলুফারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, কোন চিকিৎসক বেশি টাকা নিচ্ছে, তা আমার জানা নেই। সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

স/আ