পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, মাছ দেশের মানুষের আমিষের অন্যতম প্রধান উৎস এবং গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মৎস্য উৎপাদন বাড়াতে হবে। দেশের চাহিদা মিটিয়ে মাছ রপ্তানির মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।









