সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে তার স্থলাভিষিক্ত করে গেছেন। প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে সেটার অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, যে কেউ ইচ্ছা করলেই নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করতে পারেন না। এর জন্য দলের গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী আমি পার্টির চেয়ারম্যান।
স্পিকারকে দেয়া চিঠির বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পার্লামেন্টারি বোর্ডের অধিকাংশের মতামত নিয়ে আমাকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে এই চিঠি দেয়া হয়েছে। অন্তত ১৫ জন সংসদ সদস্য আমাকে বিরোধী দলীয় নেতা হতে অনুরোধ করেছেন। তাদের অনুরোধের ভিত্তিকে পার্টির প্রেসিডিয়াম সদস্য এই চিঠি স্পিকারকে পৌঁছে দিয়েছেন।










