নিজস্ব প্রতিবেদক:
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ এবং এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশন। সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী এ প্রতিবাদ জানান। রাজশাহী ভ্রমণ গাইড
তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী বিভাগের প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে এর প্রধান কার্যালয় রাজশাহীতে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরীর অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং প্রশাসনিক গুরুত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সুপ্রতিষ্ঠিত সরকারি সংস্থাকে তার প্রতিষ্ঠাকালীন কেন্দ্র থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ রাজশাহীবাসীর ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থী। প্রতিমন্ত্রীর এ-সংক্রান্ত বক্তব্য ও স্থানান্তরের উদ্যোগ আইনজীবী সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে বলেও উল্লেখ করা হয়।
রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশন নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে স্থানান্তরের যেকোনো উদ্যোগ অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার আহ্বান জানিয়েছে।









