সিল্কসিটিনিউজ ডেস্ক :
নির্বাচন যারা পেছাতে চাচ্ছে ক্ষতি তাদেরই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে বের হয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, কিছু কিছু লোক নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে।
বাংলাদেশ যদি স্টেবল হয়ে যায় অনেকেরই ক্ষতি হবে। নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে তাদেরও ক্ষতি হবে।
‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’- জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার সবাই চাই। কিন্তু নির্বাচনপ্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না।
নতুন দলকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘এই নির্বাচনই তো শেষ না। এর পরও নিবার্চন হবে। নতুন দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে, বিষয়টা এত সহজ নয়। বিএনপি এক দিনেই এই জায়গায় আসেনি।
প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবনই চলে গেছে। আমাদের চেয়ারপারসন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদের নির্যাতনে জীবনের শেষ প্রান্তে।’
ফ্যাসিস্ট দমনে নতুন ফ্যাসিজম তৈরির আশঙ্কা করেছেন জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘একজনের চিন্তা, চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছেন।
সূত্র: কালের কণ্ঠ










