নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে শতাধিক সদস্যদের সঞ্চয়ের টাকা নিয়ে গ্রীণ ভিশন ফাউন্ডেশন নামে একটি সংস্থা উধাও হয়ে গেছে। গত এক সপ্তাহ আগে নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ী মাষ্টার পাড়ায় দলিল লেখক তোফাজ্জল হোসেনের বাসার প্রথম তলায় গ্রীণ ভিশন ফাউন্ডেশন নামে একটি সংস্থা ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে।
এরপর তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সহজ সরল খেটে খাওয়া লোকজনকে ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে সদস্য ফরম পুরণ করে তাদের নিকট থেকে সঞ্চয়ের নামে অনুমানিক ৬ লাখ টাকা হাতিয়ে নেয়।
সদস্যদের মাঝে রোববার দুপুর থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হবার কথা ছিল। সে মোতাবেক ঋণের টাকা উত্তোলনের জন্য যথা সময়ে সদস্যরা গ্রীণ ভিশন ফাউন্ডেশন অফিসে এসে তালা ঝুলতে দেখে হতাশ হয়ে পড়ে।

সদস্যরা দিশেহারা হয়ে কর্মকর্তা-কর্মচারীদের খোজ করতে থাকে। তাদের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ কররা চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এরপর সন্ধ্যা পর্যন্ত অফিসের সামনে অবস্থান করে বাড়ি ফিরে গেছে ভুক্তভোগিরা।
সোমবার তারা বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় গ্রীণ ভিশন ফাউন্ডেশনের জোনাল অফিসে যাবার সিদ্ধান্ত নিয়েছে।
উপস্থিত সদস্যদের নিকট থেকে জানা যায়, সংস্থার ম্যানেজার জাহিদুল ইসলাম, মাঠকর্মী আবুল কালাম আজাদ, আমেনা খাতুনসহ ৪-৫জন মাঠকর্মী বিভিন্ন গ্রামে ঋণ দেয়ার নামে ১৫-২০ জন সদস্য নিয়ে একটি করে সমিতি গঠন করে। এরপর তাদের নিকট থেকে সঞ্চয়ের নামে অনুমানিক ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। তাদের সাইন বোর্ডে ৮৮১৭১-০৪০৯১৬৬-০০৯৩ রেজিষ্টেশন নাম্বার দেওয়া আছে। এর কোন অস্থিত্ব আছে কিনা তা নিশ্চিত নয়।
ভুক্তভোগীরা আরও জানান, তারা সরল বিশ্বাসে টাকাগুলো দিয়েছে। গুন্দইল গ্রাম থেকে ৩৫ হাজার টাকা, নামুইট গ্রাম থেকে ২৫ হাজার টাকা, চুকাইপাড়া থেকে ১৭ হাজার ৫০০ টাকা, ওমরপুর থেকে ৪০ হাজার টাকাসহ বিভিন্ন গ্রাম থেকে আনুমানিক ৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
গুন্দইল গ্রামের সদস্য সুরেশ চন্দ্র জানান, জোনাল অফিসে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে থানা কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শ










