নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :
নওগাঁ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আত্রাই নদীর পানি কিছুটা কমে গিয়ে তা আবারও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, জেলার ১১টি উপজেলার মধ্যে সবগুলো উপজেলাই এখন বন্যাকবলিত। জেলা ৬৬টি ইউনিয়নের ৫৪২টি গ্রামের ৪ লাখ ৫২ হাজার ৩শ ২৫ জন মানুষ পানিবন্দী হয়ে পেড়েছেন।

নওগাঁ শহরের বিভিন্ন রাস্তাঘাট এখনও পানির নিচে। শহরের বোয়ালিয়া মোড় থেকে তুলশীগঙ্গা ব্রীজ পর্যন্ত বাইপাস সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
জেলায় মোট ৪৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ দুর্বিসহ জীবনযাপন করছেন। জেলায় ফসলের ক্ষতি হয়েছে ৭২ হাজার ৪শ স৮৫ হেক্টর জমির। এ পর্যন্ত জেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আত্রাই উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ২ জন, রানীনগর উপজেলায় ১জন এবং ধামইরহাট উপজেলায় ১জন।
জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান জানিয়েছেন এ পর্যন্ত জেলায় বন্যা দুর্গতদের মধ্যে ৪৫৭ মেট্রিকটন চাল এবং ১৬ লাখ ২৫ হাজার ৫শ টাকা ত্রান বিতরন করা হয়েছে।
স/বি










