নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় ভেজাল তেল বিক্রয় ও মজুদ রাখার অপরাধে সিলাগালা করে দেওয়া ফিলিং স্টেশনটি নিজের প্রভাব খাটিয়ে অবৈধভাবে খুলে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে। এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলন হয়েছে। পেট্রল পাম্পটির মূল মালিক ওয়াজেদ আলী মোল্লা সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়াজেদ আলী মোল্লা বলেন, রাজশাহী-নওগাঁ সড়কের পাশে উপজেলার চৌদ্দমাইল এলাকায় অবস্থিত মেসার্স জয় ফিলিং স্টেশনটির সত্ত্বাধিকারী তিনি। ২০১৫ সালের ৮ নভেম্বর ফিলিং স্টেশনটি তিনি রাজশাহীর নওহাটা এলাকার বাসিন্দা এনামুলের কাছে শর্ত সাপেক্ষে সাত বছরের জন্য ভাড়া দেন। বেশ কয়েকটি শর্তের মধ্যে একটি শর্ত ছিল, ‘সমস্ত জ্বালানী তেল মেসার্স জয় ফিলিং স্টেশনের লাইসেন্সে পদ্মা অয়েল কোম্পানীর ডিপো থেকে উত্তোলন করতে হবে।’ কিন্তু সেই শর্ত ভঙ্গ করে এনামুল তাঁর পাম্পে অধিক লাভের আশায় বাহির থেকে ভেজাল তেল আমদানী করে বিক্রি করে আসছিল।

বিষয়টি গোপন সূত্রে জানার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য গত ২ মার্চ তিনি মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ মার্চ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম উক্ত ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল তেল বিক্রয় ও মওজুদ রাখার অপরাধে ভাড়াটিয়া এনামুল হক ও মূল মালিক অর্থাৎ অভিযোগকারি ওয়াজেদ আলী মোল্লাকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া আদালতের নির্দেশে পরীক্ষার জন্য ঐ ফিলিং স্টেশন থেকে ডিজেল, পেট্রল ও অকটেনের নমুনা বিএসটিআই ল্যাবে পাঠানো হয়। বিএসটিআইয়ের প্রতিবেদনে ভেজাল প্রমাণিত হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর ফিলিং স্টেশনটি সিলগালা করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যামাণ আদালত। কিন্তু গত রোববার সেটি পুনরায় খুলে দেওয়া হয়।
ওয়াজেদ আলী মোল্লার অভিযোগ, ‘তাকে, বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কর্তৃপক্ষকে না জানিয়ে অর্থের বিনিময়ে ইউএনও অবৈধভাবে পাম্পটি খুলে দিয়েছেন। পাম্পটি খুলে দেওয়ার কোনো এখতিয়ার ইউএনও রাখেন না। বিধি মোতাবেক আদালতে আবেদন করে দোষ স্বীকার করে মুচলেকা দিলে তবেই সিলগালা খোলা যাবে।’
এ বিষয়ে ইউএনও সাইফুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, ফিলিং স্টেশনটি অস্থায়ীভাবে সিলগালা করা হয়েছিল। স্থায়ীভাবে বন্ধের জন্য পদ্মা অয়েল কর্তৃপক্ষের কাছে কাগজপত্র পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিলিং স্টেশনটি অস্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। এখন সেটি স্থায়ীভাবে বন্ধ করার দ্বায়িত্ব পদ্মা অয়েল কর্তৃপক্ষের।’
অর্থের বিনিময়ে ফিলিং স্টেশনটি খুলে দেওয়ার অভিযোগে তিনি জানান, এমন অভিযোগ সর্ম্পন ভিত্তিহীন ‘প্রশাসন থেকে ফিলিং স্টেশনটি খুলে দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সেটি খোলা থাকবে না বন্ধ থাকবে সেটি দেখার দায়িত্ব পদ্মা অয়েল কোম্পানির, প্রশাসনের নয়।’
স/অ










