সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় অনুমোদনহীন কয়েলে বাজার সয়লাব: জনস্বাস্থ্য ঝুঁকিতে

নিউজ ডেস্ক১০ জুলাই ২০১৭৩ মিনিট পড়া
নওগাঁয় অনুমোদনহীন কয়েলে বাজার সয়লাব: জনস্বাস্থ্য ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ :

নিত্য প্রয়োজনীয় একটি পণ্যের নাম ‘মশার কয়েল’। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে কয়েল ব্যবহার করে মানুষ। আর একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা তাদের অতি মুনাফা পেতে প্রকাশ্যে বিক্রি করছেন নিম্নমানের অনুমোদনহীন মশার কয়েল। নওগাঁর বাজারগুলো এখন এই কয়েলে সয়লাব হয়ে পড়েছে।

বাজারগুলোতে নিম্নমানের কয়েলের ব্যবসা ছড়িয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বা কোন মনিটরিং করা হচ্ছে না। অন্যদিকে এসব কয়েল কোম্পানীগুলো ভুয়া পিএইচপি নম্বর ও বিএসটিআই’র লোগো ব্যবহার করে আকর্ষণীয় মোড়কে কয়েল বাজারে ছাড়া হচ্ছে। বিএসটিআই এর নকল ব্যান্ডের ট্রেডমার্ক দিয়ে কয়েল উৎপাদন করে দেশিয় কয়েলের প্যাকেট ব্যবহার করে তা বাজারজাত করে আসছে এমন অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যমান বালাইনাশক অধ্যাদেশ- (পেস্টিসাইড অর্ডিন্যান্স ১৯৭১ ও পেস্টিসাইড রুলস ১৯৮৫) অনুসারে, মশার কয়েল উৎপাদন, বাজারজাত ও সংরক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন বাধ্যতামূলক। অধ্যাদেশ অনুযায়ী- অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর পাবলিক হেলথ প্রোডাক্ট (পিএইচপি) নম্বর ও বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই সংশ্লিষ্ট কোম্পানিকে বালাইনাশক পণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মশার কয়েলে সর্বোচ্চ শূন্য দশমিক ৩ মাত্রার ‘অ্যাকটিভ ইনটিগ্রেডিয়েন্ট’ ব্যবহার নির্ধারণ করেছে। এই মাত্রা শুধুমাত্র মশা তাড়াতে কার্যকর, মারতে নয়। কিন্তু বাস্তবে দেখা যায়, অনুমোদনহীন ব্যবসায়ীমহল কর্তৃক প্রস্তুত ও বাজারজাতকৃত কয়েলে শুধু মশাই নয়, বিভিন্ন পোকামাকড়, তেলাপোকা এমনকি টিকটিকি পর্যস্ত মারা যায়!

চিকিৎসকরা বলছেন, নিম্নমানের কয়েল মানুষ দীর্ঘদিন ব্যবহার করলে মানবদেহের শ্বাসকষ্টসহ কিডনি, লিভার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া কয়েলের বিষক্রিয়ায় বিকলাঙ্গ, ক্যান্সার, শ্বাসনালীর প্রদাহসহ দীর্ঘমেয়াদী জটিল রোগের প্রাদুর্ভাব এমনকি গর্ভের শিশুর বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়ার আশঙ্কা রয়েছে।

শহরের তিব্বত মার্কেট, আল আমিন মার্কেট, ধর্মতলা রোডসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ‘নাইট রোজ, অতন্ত্র প্রহরী জাম্বো, অতন্ত্র প্রহরী মিনি, ফ্যামিলি, ওয়ান টেন, সান পাওয়ার, তুলসি পাতা, সাঝের তারা, বস ও রকেটসহ অনুমোদনহীন কয়েলে বাজার সয়লাব।

শহরের সুলতানপুরের বাসিন্দা সোহরাব সিল্কসিটি ‍নিউজকে বলেন, ‘মশা নয় মানুষ মারার কয়েল বিক্রি করছে দোকানিরা। স্বল্প দামের কয়েলের ধোয়াতে ঘর অন্ধকার হয়ে যায়। যেন দম বন্ধ হওয়ার উপক্রম হয়। মশাও মরে, সাথে তেলাপোকাও।’

শহরের তিব্বত মার্কেটের মেসার্স মাহমুদ হাসান ট্রেডার্স এর প্রো. মাহমুদ হাসান সিল্কসিটি নিউজকে বলেন, ‘তিনি কয়েকটি কয়েলের ডিলার (ডিস্ট্রিবিউটর)। অনুমোদনহীন দেশিয় কয়েলের কারণে ব্যান্ডের কয়েল কম বিক্রি হচ্ছে। আর দিন দিন ব্র্যান্ডের কয়েলের চাহিদাও কমছে। আর দেশিয় কয়েল বাজারে বেশি বিক্রি হচ্ছে।’

প্রহরী কয়েলের বাজারজাত কারক মেসার্স আব্দুল হাই ট্রেডার্স এর প্রো. আবু বক্কর সিদ্দিক সিল্কসিটি নিউজকে বলেন, ‘সবধরনের প্রক্রিয়া শেষে কয়েলটি বাজারজাত করা হচ্ছে। আমাদের কেমিক্যাল চায়না থেকে আমদানি করা হয়। কয়েলে কোন ধরনের মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়নি। কতিপয় কিছু ব্যবসায়ী সুবিধা না পেয়ে এ গুজব ছড়াচ্ছেন।’

নওগাঁ সিভিল সার্জন ডা. রওশন আরা খানম সিল্কসিটি নিউজকে বলেন, ‘মশার কয়েল এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিটি কয়েল স্বাস্থের উপর প্রভাব ফেলবে। এটি ক্ষতিকর একটি দিক। আর অনুমোদনহীন মশার কয়েল তো বেশি ক্ষতিকর। যারা এর সাথে জড়িত তাদের ভ্রাম্যমানের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজিত কুমার মল্লিক সিল্কসিটি নিউজকে বলেন, ‘কয়েলের ক্ষেত্রে কীটনাশকের বিষয়টি ঢাকার হেড অফিস দেখেন। তবে বাজারে অনুমোদনহীন নিম্নমানের যেসব কয়েল আছে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স/বি