সদ্য প্রকাশিত
বগুড়া

ধর্ষক তুফান ও তার ভাই মতিনের রঙ মহলে কারা যেতেন?

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
ধর্ষক তুফান ও তার ভাই মতিনের রঙ মহলে কারা যেতেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক: বগুড়ার বাদুরতলার কসাইপাড়ার মাফিয়া যুগল মতিন-তুফানের রঙ মহলে কারা যেতেন? পূর্বপুরুষরা ছিলেন কসাই, সেই সঙ্গে বাপ দাদার ব্যবসা ছিল চামড়ার। ধর্ষক তুফান সরকারের বড় ভাই মতিন সরকার এখন বড় চামড়া ব্যবসায়ী। তুফান সরাকর অটোরিক্সা থেকে নিয়মিত তুলেন চাঁদা। দুই ভাইয়ের অর্থনৈতিক সাম্রাজ্য রাতারাতি গড়ে উঠেছে মাদক ব্যবসা থেকে।

বগুড়ার মাদক সাম্রাজ্যের সম্রাট তারা। তারাই হোল সেলার, তারাই খুচরা বিক্রেতা। রাস্তার ফকির থেকে গত কয়েক বছরে অর্থবিত্ত আর প্রাসাদ তৈরি করেছেন। আওয়ামী লীগের জেলা পর্যায়ের প্রভাবশালী নেতা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কেউ কেউ নিয়মিত নজরানা পেতেন। বাদুরতলায় তাদের প্রভাব বলয়ই গড়ে তোলেননি, রাত নামলেই বাসভবনের নিচতলা জুড়ে রঙ মহলে বসতো জুয়ার আসর ও বাইজী নাচ। নিয়মিত ঢাকা থেকে মুজরায় নাচতে অনেককে নেয়া হতো।

পোশাক পরিহিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ নিয়মিত সেখানে যেতেন, যেতেন প্রভাবশালীরাও। একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তারা। তাদের বিরুদ্ধে কেউ টু শব্দও করতে পারতেন না। করলেই তুলে এনে নির্যাতন করা হতো। যুবলীগ রাজনীতির সঙ্গে জড়িত মতিন সরকার জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন।

ছোটভাই তুফান সরকার যুগ্ম আহ্বায়ক থেকে পৌর শ্রমিক লীগের আহ্বায়ক হয়েছেন। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক  শেখ সামসুদ্দিন হেলাল তাদের অভিভাবকত্ব করেন।

মাদক, সন্ত্রাস ও যৌনতার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন দুই ভাই। চাঁদাবাজির পাশাপশি মেলার নামে টানা দেড় বছর জুয়ার আসর বসিয়ে অঢেল কাঁচা টাকার মালিক হন। অর্থ, প্রশাসন ও রাজনীতি মিলে ধরাকে সরা জ্ঞান মনে করেছিলেন। কিন্তু কথায় বলে, পাপ বাপকেও ছাড়ে না। টানা দু’বছর ধরে তাদের অপকর্ম ঘিরে সবর্ত্র তারা আলোচনায়। কিন্তু কেউ ভয়ে কথা বলেননি, কেউ বা ছিলেন ম্যানেজ। এখনো তাদের ভয়ে, তাদের অন্ধকার জগত নিয়ে কথা বলতে অনেকেই নারাজ।

সম্প্রতি এক তরুণীকে তার মাসহ ডেকে এনে বন্দি করে তুফান ধর্ষণ, রাতভর নির্যাতন ও তাদের মাথা ন্যাড়া করে দেয়ার মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন। গোটা দেশ ঝাঁকুনি খেয়ে উঠে নিন্দায়। তবুও বগুড়ায় কোনো সামাজিক বা রাজনৈতিক প্রতিবাদ সমাবেশ নেই। পুলিশ তুফানসহ তার সহযোগী এমনটি স্ত্রী, শ্যালিকা ও শ্বাশুড়িকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে পর্দার অন্তরালে এদেরকে রক্ষায় সমাজপতিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ তৎপর হয়ে উঠেছেন। নানান আলামত, তথ্য, উপাত্ত তামাদি করার চেষ্টা চলছে। সূত্র: পূর্বপশ্চিমবিডি