সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তাদের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে তারা নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে সুবিধা নিতে চায়। আওয়ামী লীগ ও তাদের দোসরদের সব ষড়যন্ত্র সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। তাদের ১৬ বছরের জুলুম দুঃশাসন ভুলে গেলে চলবে না।
শনিবার বিকালে নাটোর সদর উপজেলা ডাঙ্গাপাড়ায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। প্রয়োজনীয় সকল সংস্কার করবে নির্বাচিত সরকার। দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। আর সেজন্য লাগবে নির্বাচিত সরকার।
দুলু বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুস দুর্নীতি কমবে কিন্তু হয়েছে তার উলটো। দেশে ঘুস, দুর্নীতি কমেনি বরং বেড়েছে। অন্তর্বর্তী সরকার এখানো রাষ্ট্রের দৃশ্যমান কোন সংস্কার করতে পারেনি। তাই দেশের প্রয়োজনীয় সকল সংস্কার দ্রুত করার জন্যই সংসদ নির্বাচন হওয়া জরুরি।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। অন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে। দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেওয়া জরুরি।
দিঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।
সূত্র: যুগান্তর










