সিল্কসিটিনিউজ ডেস্ক:
নেত্রকোনার দুর্গাপুরে ইজি বাইকের ধাক্কায় এক নারী (বয়স আনুমানিক ৫০) নিহত হয়েছেন। এ ঘটনার পর পালিয়ে যান চালক।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজি বাইকটিতে তারা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রুতগতির ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ভয়ে চালক দৌড়ে পালিয়ে যান।
ইজিবাইকটি সেখানেই একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।









