সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে একটি খেলনা কারখানায় অগ্নিকাণ্ডে সাকিব নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি কারখানাটির ম্যানেজার ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জের আতাসুর রোড এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ফাতেমা বলেন, আমরা বুঝে ওঠার আগেই বিকট একটি আওয়াজ হয়।
পরে দেখি, ভবনের সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ছে। আমরা সবাই দ্রুত বের হয়ে আসি। আমাদের ধারণা, ৮ তলায় রং করার কাজে ব্যবহৃত কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী লুৎফর জামান বলেন, ঘটনাস্থলে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা আমাদের চোখে পড়েনি।
তবে আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় ভবনটির কাগজপত্র যাচাই করা সম্ভব হয়নি। ভবনটির অনুমোদন, অগ্নিনিরাপত্তা লাইসেন্স এবং ফায়ার সেফটি প্ল্যান রয়েছে কিনা, তা পরবর্তী সময়ে যাচাই করে জানানো হবে।
কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের বিষয়ে তিনি বলেন, সেখানে ফায়ার সার্ভিসের দুজন পরিদর্শক দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হচ্ছে। বিশেষ করে কেমিক্যাল কারখানাগুলোকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বারবার বলা হচ্ছে।
সরু রাস্তা ও বিভিন্ন স্থানে গড়ে ওঠা প্রতিষ্ঠানের কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রমে চ্যালেঞ্জ রয়েছে। এসব এলাকায় অগ্নিনিরাপত্তাব্যবস্থা জোরদারে ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।









