দুর্ঘটনা

যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পেরিয়ে বড় মেঘলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজন হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। অপর নিহত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার নাম আরিফুল ইসলাম জয়। তার বাবার নাম শহিদুল ইসলাম।

ঠিকানা যশোর পৌরসভার শংকরপুর এলাকার বেজপাড়ার পিয়ারী মোহন রোড। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহত দুজন হলেন—মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পেরিয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে (যশোরের দিকে) আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

 

 

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল দুটি হলো যশোর-ল-১২-৭৭৩৪ নম্বরের একটি পালসার এবং নড়াইল-ল-১১-১৭৩৬ নম্বরের একটি হোন্ডা হরনেট।

নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলটির আরোহী ছিলেন। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলটির আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতদের একজনের কাছ থেকে আরিফুল ইসলাম জয় নামে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। ওই পরিচয়পত্রে তার বাবার নাম শহিদুল ইসলাম এবং ঠিকানা পিয়ারী মোহন রোড, বেজপাড়া, শংকরপুর, যশোর পৌরসভা, যশোর সদর উল্লেখ রয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

 

 

ওসি আরো জানান, নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরদিকে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।