সিল্কসিটিনিউজ ডেস্ক :
দোকান থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে চার গাড়ির ভয়াবহ দুর্ঘটনায় মোহাম্মদ আশরাফ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী আশরাফ মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে।

আহতরা হলেন সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)। নিহত আশরাফ পড়াশোনার পাশাপাশি সোনাপাহাড় বিশ্বরোড এলাকায় বাবার দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ঘের ঘটনা ঘটে। এসময় একটি ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর।
এতে কাভার্ডভ্যান গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে কাভার্ডভ্যান চালক সিটে আটকা পড়েন। রাস্তা পারাপারের সময় পথচারী আশরাফ এই দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত পথচারী আশরাফ, আহত সোহাগ, আহত রাসেল ও আহত নুরুল আমিনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত পথচারী আশরাফসহ দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পথচারী আশরাফ মারা যান।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত আশরাফ, সোহাগ, রাসেল ও নুরুল আমিনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুত্বর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।










