সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
ওয়ালটন ফেডারেশন কাপেও মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ওই ম্যাচে পিছিয়ে পরেও ২-২ গোলে ড্র করেছিল মতিঝিলের ক্লাবটি।
গতকাল রোববার থেকে মাঠে গাড়িয়েছে ভিন্ন আঙ্গিকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহামেডান ও রহমতগঞ্জ। এই ম্যাচেও ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি দল দুটি। ১-১ গোলের ড্রয়ের মাধ্যমে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

ম্যাচের ১৪ মিনিটেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সাদা-কালো শিবির। ২৫ গজ দূর থেকে দলটির উইঙ্গার দিদারুল আলমের বাঁকানো শট রহমতগঞ্জের গোলরক্ষক সামিউল মাসুম পাঞ্চ করে ফিরিয়ে দেন।
তবে ১৮ মিনিটের মাথায় সিও জোনাপিওর গোলে লিড নেয় রহমতগঞ্জ। তাকে গোলটি করতে সহায়তা করেন পুরান ঢাকার ক্লাবটির মিডফিল্ডার মাহবুব হাসান নয়ন।
২৬ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মোহামেডান। তবে সেই সুযোগটি হাতছাড়া করেন মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা। তিনি যথেষ্ট সময় ও গ্যাপ পেয়েও বল জালে জড়াতে পারেননি।
ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সাদা-কালো জার্সিধারীরা। তবে বিরতির পর ম্যাচে সমতা ফেরানোর আরো একটি দারুণ সুযোগ পেয়েছিল তারা। ৫৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরার শট রুখে দেয় রহমতগঞ্জ। ৬৯ মিনিটে ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবও সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন।
ম্যাচের ৮১ মিনিটে ডি-বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন রহমতগঞ্জের অধিনায়ক শাখাওয়াত রাপসেল। ফলে পেনাল্টি পায় মোহামেডান। আর পেনাল্টি থেকে গোল আদায় করে মোহামেডানকে হারের হাত থেকে রক্ষা করেন ইসমাইল বাঙ্গুরা (১-১)।
সূত্র: রাইজিংবিডি









