আন্তর্জাতিক

ট্রাম্প ২৬৪ হিলারী ২১৫: জয়ের পথে ট্রাম্প

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারি হিসেবে শুরু থেকেই এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ঘুরে দাঁড়িছিলেন হিলারি ক্লিন্টন। তবে ফের ঘুরে দাঁড়িয়েছেন ট্রাম্প। তিনি পেয়েছেন ২৬৪ ইলেক্ট্রোরাল ভোট আর হিলারি পেয়েছেন ২১৫। মোট ৪৩টি অঙ্গরাজ্যের ফল এটি। এখনো বাকি ৭টি অঙ্গরাজ্যের।

 

টেলিভিশন চ্যানেল আল জাজিরা এমন ফলাফল জানিয়েছে। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এ পর্যন্ত ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল জানানো হয়েছে। আর তার ভিত্তিতে এ হিসেব দেওয়া হয়েছে।

 

বিভিন্ন অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ট্রাম্প এগিয়ে থাকলেও তিনিই যে বিজয়ী হবেন সে আভাস দেওয়া যাচ্ছে না। কেননা, ফলাফল নির্ভর করছে ৫টি ব্যাটলগ্রাউন্ড স্টেটের ওপর।

 

ফ্লোরিডা, ওহাইও, মিশিগান, পেনসিলভানিয়া, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলিনার ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। এ সাত অঙ্গরাজ্যের ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি। অবশ্য, ফ্লোরিডায় এখন পর্যন্ত ট্রাম্পই এগিয়ে রয়েছেন। ২০০৮ ও ২০১২ সালের নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডায় জয় পেয়েছিলেন।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কোন প্রার্থী কত বেশি ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন তা। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। এক এক স্টেটে ইলেক্টরের সংখ্যা এক এক রকম।

 

নির্বাচনের দিন মার্কিনিরা যখন ভোট দেন তখন তারা মূলত প্রার্থীদের ইলেক্টরদেরকে বাছাই করেন। দুটি ছাড়া বাকি ৪৮টি অঙ্গরাজ্যে ‘উইনার-টেক-অল’ সিস্টেম চালু রয়েছে। এর আওতায় জয়ী প্রার্থীকে ওই অঙ্গরাজ্যের সব ইলেক্টর দিয়ে দেওয়া হয়। তবে নেবরাস্কা ও মেইন অঙ্গরাজ্য দুটি এক্ষেত্রে আলাদা। এ দুটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যানুপাতে ইলেক্টোরাল ভোট ভাগ করা হয়।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য ও ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। এদিন ১০০ আসনবিশিষ্ট সিনেট ও ৪৩৫ আসনবিশিষ্ট হাউজ অব রিপ্রেজেন্টিটিভেরও ভোটগ্রহণ হয়েছে। হাউজ অব রিপ্রেজেন্টিটিভে রিপাবলিকানরা আবারও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।