সিল্কসিটিনিউজ ডেস্ক:
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য।
আজ বৃহস্পতিবার হাইতির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ জন সদস্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইতিতে গমনের পূর্বে আজ সকালে সেনাসদরে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মোতায়েন।









