সদ্য প্রকাশিত
রাজনীতি

জাতীয় পার্টির দু’পক্ষের বৈঠকে সিদ্ধান্ত: জিএম কাদের চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা রওশন

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৯৩ মিনিট পড়া
জাতীয় পার্টির দু’পক্ষের বৈঠকে সিদ্ধান্ত: জিএম কাদের চেয়ারম্যান বিরোধীদলীয় নেতা রওশন

জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হবেন তার ছেলে সাদ এরশাদ। এভাবেই সমঝোতায় পৌঁছেছেন জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা জিএম কাদের ও রওশন এরশাদ।

শনিবার রাতে বারিধারা ক্লাবে রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী। রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত বৈঠক চলে। জাতীয় পার্টির অভ্যন্তরীণ সংকট থেকে উত্তরণের উপায় বের করতেই মূলত এ বৈঠকের আয়োজন করা হয়।

দলের চেয়ারম্যান, সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচন এবং রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করে এসএম ফয়সল চিশতী বলেন, ‘জাতীয় পার্টির চলমান সংকট নিরসনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের মধ্যে কিছু বিষয়ে মতানৈক্য ছিল। আমরা তা দূর করেছি।’ তিনি বলেন, ‘এখন থেকে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কাদের। ম্যাডাম (রওশন এরশাদ) বিরোধীদলীয় নেতা হবেন। আর রংপুর-৩ আসনে দলের প্রার্থী হবেন সাদ এরশাদ।’

আজ রোববার বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পুরো বিষয়টি খোলাসা করতে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এখানেই তিনি বিষয়টি স্পষ্ট করবেন। পরে সংসদ অধিবেশন শুরুর আগে বেলা ১টায় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে সর্বসম্মতভাবে নির্বাচিত করে তা লিখিতভাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করা হবে।

জিএম কাদের, রওশন এরশাদ এবং জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি ছাড়াও রাতের বৈঠকে উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, একেএম সেলিম ওসমান এমপি, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী এমপি এবং এসএম ফয়সল চিশতী।

 

উল্লেখ্য, এক সপ্তাহ ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হওয়া নিয়ে অভ্যন্তরীণ সংকট তৈরি হয়। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাংশ রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। পরে ওইদিনই সংবাদ সম্মেলন ডেকে জিএম কাদের বলেন, ‘রওশন এরশাদকে সম্মান করি, যতটুকু শুনেছি, তিনি নিজ থেকে নিজের কথা বলেননি। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই। জাতীয় পার্টি ভাঙেনি। কোনো ভাঙনের মুখে পড়েনি। যে কোনো ব্যক্তি যে কোনো ঘোষণা দিলেই তো তা বাস্তবায়িত হয় না।’ এর আগে মঙ্গলবার বিকালে জাতীয় পার্টির দলীয় প্যাডে নিজেকে সংসদে বিরোধীদলীয় নেতার পদে নিয়োগ দিতে স্পিকারকে চিঠি দেন জিএম কাদের। পরদিন বুধবার জিএম কাদেরের চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা গ্রহণ না করার অনুরোধ জানিয়ে পাল্টা চিঠি দেন রওশন এরশাদ।