সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফ্রান্সের প্যারিসে পুলিশের ওপর হামলাকারী ব্যক্তিকে আগে থেকেই চিনতো পুলিশ। জঙ্গিবিরোধী তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন ওই সন্দেহভাজন। প্যারিস প্রসিকিউটর ও স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন তথ্য জানিয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্তের দাবি করা হলেও এখন পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, স্থানীয় সময় রাত নয়টার দিকে মধ্য প্যারিসের চ্যাম্পস এলিসি এলাকায় পুলিশ বাসের পাশে একটি গাড়ি এসে থামে। ওই গাড়ি থেকে নেমে এক ব্যক্তি অটোমেটিক পিস্তল থেকে পুলিশের দিকে গুলি চালাতে শুরু করে। তিনি আরও বলেন,এক পুলিশ কর্মকর্তাকে হত্যার পর ওই সন্দেহভাজন ব্যক্তি অপর পুলিশ সদস্যদের গুলি করে পালানোর চেষ্টা করে। এসময় দুই পুলিশ সদস্য আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই সন্দেহভাজন নিহত হয়। হামলাকারী ইচ্ছাকৃতভাবে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে বলেও ব্রাঁদে জানান।

হামলার কিছুক্ষণ পরই প্যারিস প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিনস জানান, হামলাকারীর পরিচয় তাদের জানা আছে এবং তা যাচাই করা হয়েছে। তদন্ত ও অভিযানের স্বার্থে সেসময় সন্দেহভাজনের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। শুক্রবার এ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানিয়েছেন মলিনস।
তবে ফরাসি সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সন্দেহভাজন হামলাকারীকে সম্ভাব্য ইসলামী উগ্রপন্থী হিসেবে সম্প্রতি শনাক্ত করে গোয়েন্দা সংস্থাগুলো।
অবশ্য, এরইমধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। জঙ্গি সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক-এ প্রকাশিত এক বিবৃতিতে হামলাকারীর নাম আবু ইউসূফ আল-বালজিকি বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন










