রাজশাহীর খবর

রাজশাহীতে ছাত্রলীগের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
যারা দেশে জঙ্গিবাদ পরিচালনা করছে, তারাই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি। আর যাদের বিচার হচ্ছে. তাদের আত্মীয়স্বজন জঙ্গিবাদ সৃষ্টি করছে। জঙ্গিবাদের মূল মদদদাতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। জঙ্গিদের সহায়তায় তারেক জিয়া বিদেশ থেকে দেড়শো কোটি টাকা বাংলাদেশে পাঠিয়েছেন।

 
আজ রোববার বেলা ১১টায় বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি অর্ণা জামানের উদ্যোগে অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এসব কথা বলেন।

 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইচ্ছে কখনো পূরণ হবে না। বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ প্রতিরোধ করে এগিয়ে যাবে। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি তৈরি হবে, এটি কখনো মেনে নেওয়া যাবে না।

 
সমাবেশে প্রধান বক্তা ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি অনিকা ফারিহা জামান অর্ণা বলেন, ছাত্রলীগ জঙ্গিদের ভয় পায় না, ভবিষ্যতেও পাবে না। ছাত্রলীগ জঙ্গিদের শক্তহাতে প্রতিরোধ করবে।

 

অর্ণা জামান আরও  বলেন, বাংলাদেশে ছাত্র রাজনীতির অবদান ১৯৫২ সালের ভাষা আন্দোলন হোক আর স্বাধীনতার আন্দোলন হোক প্রত্যেকটি আন্দোলনে বিদ্যমান ছাত্র রাজনীতি। তাই বাংলাদেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর একটি বৃহৎ অংশ ছাত্রদের বাদ দিয়ে এ আন্দোলন সম্ভব নয়।

 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব। সমাবেশের সভাপতিত্ব করেন বারিন্দ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম। এর সঞ্চালনায় ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির নাহিদ ।

 

 

এতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এর হয়ে বক্ত্বব্য প্রদান করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস হাসান অন্তু ও নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বিকৃত মস্তিস্কের মানুষ ছাড়া জঙ্গিবাদ হয় না। যারা জঙ্গিবাদ প্রচারণা করছে তাদের সকলের মস্তিস্কো বিকৃত হয়ে গেছে। যার কারণে তারা নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তারা ইসলামের জিহাদের নামে মুসলমানদের ভ্রান্ত ধারণ দিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে।

 
এরআগে বারিন্দ মেডিকেল কলেজের সামনে থেকে একটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরনায় কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

স/মি